ঢাকা-আরিচা মহাসড়কে কালো ধোঁয়া: যাত্রীবাহী বাসকে ১৯ হাজার টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী কয়েকটি যাত্রীবাহী বাসকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

অভিযান চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী দূরপাল্লা ও স্থানীয় রুটের বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে নির্গত ধোঁয়ার মাত্রা পরীক্ষা করা হয়। এ জন্য ব্যবহার করা হয় আধুনিক ‘স্মোক অপাসিটি মিটার’। যন্ত্রটির মাধ্যমে বাসের ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়ার ঘনত্ব ও মাত্রা পরিমাপ করা হয়।

পরীক্ষায় কয়েকটি বাস থেকে পরিবেশ সংরক্ষণ আইনে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কালো ধোঁয়া নির্গমনের প্রমাণ পাওয়া যায়। পরে পরিবেশ দূষণের দায়ে সংশ্লিষ্ট বাসগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, পুরোনো ও ত্রুটিপূর্ণ ইঞ্জিনের কারণে অনেক যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া বের হয়। এসব ধোঁয়া বায়ুর মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি সড়কে চলাচলকারী মানুষ ও আশপাশের বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই নির্ধারিত মানের বাইরে ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান শেষে বাস মালিক ও চালকদের ভবিষ্যতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে সতর্ক করা হয়। একই সঙ্গে যানবাহনের ইঞ্জিন ও ধোঁয়া নির্গমন ব্যবস্থা নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের পরামর্শ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান বলেন, জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে তদারকি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সড়কে চলাচলকারী কোনো যানবাহন যাতে নির্ধারিত মাত্রার বেশি ধোঁয়া নির্গমন করতে না পারে, সে বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নজরদারি থাকবে।

অভিযান চলাকালে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা উপস্থিত ছিলেন। এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহে হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদন্ড, ১০ জনের যাবজ্জীবন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন