সিলেট সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় এয়ারগান, মদ এবং বিভিন্ন প্রকারের ভারতীয় ঔষধসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একাধিক বিশেষ অপারেশন দল কর্তৃক সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম, বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অপারেশন দল সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় ফলের ক্যারেটে ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ এবং অপর একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ০২টি ভারতীয় এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ বিভিন্ন প্রকারের মালামাল আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মালামাল আটক করতে সক্ষম হয়। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত থাকবে। আটককৃত চোরাচালানী মালামালসমূহ সরকারী বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : ধামরাইয়ে ২ হাসপাতাল ও ফিলিং স্টেশনে জরিমানা


