কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং Climate Resilient Campus Initiative-এর আওতায় উপজেলা সম্মেলন কক্ষে ‘কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা: আজকের যত্ন, আগামীর সুস্থতা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৫ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। এতে কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি এবং নিরাপদ স্যানিটেশন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মাসিক নিয়ে সামাজিক সংকোচ ও কুসংস্কার দূর করতে হবে। কোনো শিক্ষার্থী যেন মাসিকের কারণে ক্লাসে অনুপস্থিত না থাকে, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ স্যানিটেশন ও স্যানিটারি প্যাডের সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, কর্মশালায় প্রশিক্ষণ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে সচেতনতা ছড়িয়ে দেবেন। পর্যায়ক্রমে সদর উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের সুবিধা চালু করা হবে।
পড়ুন : ধামরাইয়ে ২ হাসপাতাল ও ফিলিং স্টেশনে জরিমানা


