দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে এই মূল্য কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় গহনার মূল্য সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম কত?
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে—
২২ ক্যারেট: ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা।
১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
এর আগে গত ৫ অক্টোবর দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। সেই দর অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার আগে পর্যন্ত ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকায়। একই সময়ে ২১ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
রুপার দাম অপরিবর্তিত
সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার মূল্য অপরিবর্তিত রেখেছে বাজুস। বর্তমানে প্রতি ভরি রুপার দাম—
২২ ক্যারেট: ৪ হাজার ৩১৬ টাকা।
২১ ক্যারেট: ৪ হাজার ১৪১ টাকা।
১৮ ক্যারেট: ৩ হাজার ৫৫৮ টাকা।
সনাতন পদ্ধতি: ২ হাজার ৬৮৩ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্ধারিত দামেই জুয়েলারি প্রতিষ্ঠানগুলোকে সোনা ও রুপা বিক্রি করতে হবে। তবে গহনার নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এ ছাড়া স্বর্ণালঙ্কার ও রৌপ্যলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার বিনিময় ও পুরোনো অলঙ্কার কেনার ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দেওয়াসংক্রান্ত বাজুসের আগের নিয়মও বহাল থাকবে।
পড়ুন : মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ঘোষণা ট্রাম্পের
সা/


