সৈয়দপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কয়া মিস্ত্রিপাড়া বায়াতুল হক জামে মসজিদে মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে মুসল্লিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে জুমার নামাজ পরবর্তী সময়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এক মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা
একবাক্যে স্লোগান তোলেন সকলেই মাদককে না বলি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। তিনি কয়া মিস্ত্রিপাড়া বায়াতুল হক জামে মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন। মসজিদে মসজিদে গিয়ে অপরাধ দমনে সাধারণ মানুষকে সচেতন করার ওসির এই ব্যতিক্রমী উদ্যোগ ও প্রচারণা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে
বক্তব্যে ওসি রেজাউল করিম রেজা বলেন, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণসহ যেকোনো অপকর্মের বিরুদ্ধে আমাদের শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় থাকবে। আমি যতদিন সৈয়দপুর থানায় আছি, এই থানায় কোনো অপরাধীর স্থান হবে না। অপরাধীদের স্পষ্ট বার্তা দিতে চাই—হয় তারা অপরাধমূলক কর্মকাণ্ড চিরতরে ছাড়বে, নতুবা তাদের সৈয়দপুর ছেড়ে চলে যেতে হবে
উল্লেখ্য, ওসি রেজাউল করিম রেজা সৈয়দপুর থানায় যোগদানের পর থেকেই অপরাধ দমনে একের পর এক সফল অভিযান চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আটক, মোটরসাইকেল চোর ও ছিনতাইকারী চক্রের মূলহোতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনায় তিনি আজ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। একই সাথে অপরাধীদের কাছে তিনি আতঙ্কের অপর নাম হয়ে উঠেছেন।
মসজিদে সচেতনতামূলক বক্তব্য, র্যালি এবং মানববন্ধনের মাধ্যমে অপরাধমুক্ত সমাজ গড়ার ওসির এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কয়া মিস্ত্রিপাড়া এলাকার সর্বস্তরের জনগণ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন : বিশ্ব ডিম দিবসে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা


