সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদকের যে নীরব আগ্রাসন, তা থেকে অনেক সময় বাদ পড়ছে না তরুণ নেতৃত্বও। নেত্রকোনার মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় এমনই অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। মাদকের আসর থেকে মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চার যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম।
আটককৃতদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি হলেন- আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। তিনি মদন পৌর ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক এবং উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া (বর্তমান মদন বাজার) গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
আটক অন্য তিন যুবক হলেন- মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবদার গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।
মদন থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের দলটি যখন সওদাগরপাড়া বালুর মাঠে পৌঁছায়, তখন সেখানে চলছিল গাঁজা সেবনের আসর। পুলিশের আকস্মিক উপস্থিতি টের পেয়ে চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি রাতের অন্ধকারে সটকে পড়তে সক্ষম হলেও, ঘটনাস্থল থেকেই হাতেনাতে চার যুবককে আটক করে পুলিশ।
দায়িত্বশীল ছাত্রনেতার এমন কর্মকাণ্ডে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরেও শুরু হয়েছে তৎপরতা। এ প্রসঙ্গে মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জানান, সাধারণ সম্পাদকের আটকের বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি বলেন, “আব্দুল বারী আকন্দ হিরার আটকের বিষয়টি এরই মধ্যে উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে জেলা ছাত্রদলের সভাপতিকে অবহিত করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জেলা কমিটি তার বিরুদ্ধে যথাযথ পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।”
অন্যদিকে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন মদন থানার ওসি সালাহউদ্দিন করিম। তিনি বলেন, “মাদক সেবনরত অবস্থাতেই ওই চারজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজই (মঙ্গলবার) তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।” ওসি আরও জানান, সমাজ থেকে মাদকের বিষবাষ্প নির্মূল করতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
সা/


