আজ বিশ্ব মান দিবস: বাজারে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর নজরদারির তাগিদ

খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য ও ওজনে কারচুপির মতো বাজারের চিরচেনা অনিয়মগুলোর অবসান ঘটাতে ধারাবাহিক ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আজ ১৪ অক্টোবর পালিত হচ্ছে ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানসম্মত পণ্য নিশ্চিতের গুরুত্ব তুলে ধরাই দিবসটির প্রধান উদ্দেশ্য। ১৯৪৬ সালের এই দিনে লন্ডনে ২৫টি দেশের প্রতিনিধিদের ঐকমত্যের মাধ্যমে আন্তর্জাতিক মান নির্ধারণী সংস্থা গঠনের প্রক্রিয়া শুরু হয়, যা ১৯৭০ সাল থেকে আইএসও, আইইসি ও আইটিইউ-এর যৌথ উদ্যোগে বিশ্বজুড়ে উদযাপিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

বাজার ব্যবস্থাপনার বর্তমান চিত্র তুলে ধরে বিশেষজ্ঞরা মনে করেন, কেবল দায়সারা অভিযান কিংবা জরিমানা করে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব নয়। মানহীন পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষা এবং ফলাফল জনসমক্ষে প্রকাশ করা জরুরি। মোড়কের ওজনের সঙ্গে প্রকৃত ওজনের সামঞ্জস্য নিশ্চিত করা এবং ভেজাল ও কারচুপিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ওপরও জোর দিয়েছেন তারা। তাদের মতে, মানসম্মত পণ্যের অধিকার নিশ্চিত করার বিষয়টি কেবল অর্থের ক্ষতি রোধ করে না, বরং মানুষের স্বাস্থ্যের সুরক্ষায়ও এটি অপরিহার্য।

বিশ্বের তিনটি প্রধান মান নির্ধারণকারী সংস্থার যৌথ সিদ্ধান্তে এবারের বিশ্ব মান দিবসের নির্ধারিত প্রতিপাদ্য হলো—‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ নম্বর লক্ষ্য অর্জনের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির সর্বজনীন প্রবেশাধিকার এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জানিয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা বাড়াতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির জন্য মোট ৭৯টি মান প্রণয়ন করা হয়েছে, যা আন্তর্জাতিক মানের সঙ্গে মিল রেখে নিয়মিত হালনাগাদ করা হয়। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি সর্বমোট ৪ হাজার ৬৩১টি বাংলাদেশি মান প্রণয়ন করেছে। এছাড়া, বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে থাকা আধুনিক সোলার প্যানেল পরীক্ষাগারে জার্মানির সর্বাধুনিক সান সিমুলেটর প্রযুক্তির সাহায্যে সর্বোচ্চ ১ হাজার ওয়াট ক্ষমতার সৌর প্যানেলের কার্যক্ষমতা ও গুণগত মান নির্ভুলভাবে যাচাই করা হয়ে থাকে।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে বিএসটিআই ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। এছাড়া মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং সভার সভাপতিত্ব করবেন বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক।

প্রধান কার্যালয়ের পাশাপাশি দেশের সব বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়েও আলোচনা সভা ও প্রচারমূলক কার্যক্রম চলছে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার, মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে খুদে বার্তা প্রেরণ এবং রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যানার-ফেস্টুন প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। নিরাপদ ও মানসম্মত পণ্যপ্রাপ্তি এবং টেকসই উন্নয়নে মানের ভূমিকা পালনের অঙ্গীকারের পাশাপাশি বাজারে ভেজাল ও কারচুপি রোধের এই প্রতিশ্রুতি বাস্তবে কতটুকু কার্যকর হয়—সেটিই এখন মূল বিবেচ্য বিষয়।

পড়ুন : ১০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে ইনুর আপিল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন