মোবাইল কোর্টে জরিমানা, ক্ষুব্ধ সার ব্যবসায়ীর হাতে কৃষি কর্মকর্তা লাঞ্ছিত

পিরোজপুরের নাজিরপুরে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানার জেরে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক সার ব্যবসায়ীর বিরুদ্ধে। এ সময় ওই কর্মকর্তাকে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার দীঘিরজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক (৪৬) অভিযুক্ত সার ব্যবসায়ী মো. বাবুল মোল্লার (৫৫) বিরুদ্ধে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে দীঘিরজান বাজারে লাইসেন্স ছাড়াই সার বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে পূর্ব অভিযোগের ভিত্তিতে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিবের নেতৃত্বে বাজারটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দায়িত্ব পালন করছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক।

অভিযানকালে বাবুল মোল্লার দোকান ও গুদাম থেকে ২ বস্তা ইউরিয়া, সাড়ে ৩ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি ও ৫ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযোগে বলা হয়, অভিযান শেষে বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে বিপুল কুমার মল্লিক বাজারে ব্যক্তিগত কাজে গেলে বাবুল মোল্লা তাঁর পথরোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করার অভিযোগ তুলে তাঁকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি দিয়ে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাঁকে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত কর্মকর্তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, পূর্ব অভিযোগের ভিত্তিতে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুল মোল্লাকে জরিমানা করা হয় এবং সার জব্দ করা হয়। অভিযানের সময় তিনি তাঁর সঙ্গেও অসদাচরণ করেন। পরে অভিযান শেষে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার পর উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল মল্লিকের ওপর শাটারের লাঠি দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব বলেন, দীঘিরজান বাজারের ব্যবসায়ী বাবুল মোল্লার দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে চলে আসার পর কৃষি অফিসের এক কর্মকর্তাকে ওই ব্যক্তি মারধর করেছেন বলে তিনি শুনেছেওন। এ বিষয়ে পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পড়ুন : টঙ্গীতে ঔষধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন