৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। যেখানে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ্-জোহ্রার সই করা ওই গেজেটে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখের পত্রের সুপারিশক্রমে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুসারে ৯ম গ্রেডে (৪৪০০০-১০৫৯০০/-) শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো।
সুপারিশপ্রাপ্তদের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে বেশকিছু শর্ত দেয়া হয়েছে। এ ক্ষেত্রে ৪৫তম বিসিএস পরীক্ষা- ২০২২ এর ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধি-বিধান অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মুক্তিযোদ্ধার সনদ পরবর্তীতে যাচাই-বাছাইকালে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার নিয়োগ বাতিল হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়াও গেজেটে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট ও সুপারিশপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
পড়ুন : শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক এনজিও


