নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বারদী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়।
মানবিক সহায়তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বারদী ইউনিয়ন কৃষকদলের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম হোসেন দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি সালাউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল হোসেন, সোনারগাঁ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মৃধা, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম এবং বারদী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি জামান ও রফিকুল ইসলাম।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই মানবিক রাজনীতির মূল লক্ষ্য। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।
তারা আরও বলেন, বাংলাদেশ সবার। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ, শান্তি ও নিরাপত্তার সঙ্গে উদ্যাপন করতে পারেন, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পড়ুন : ৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
সা/


