সিরাজগঞ্জে ফাঁকা রাস্তায় ট্রাক থামিয়ে দুটি মিনি ট্রাকে ৪শ’ বোতল সিলিন্ডার গ্যাস ছিনতাইয়ের ঘটনায় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪শ’ সিলিন্ডার গ্যাসের মধ্যে ৪৮টি উদ্ধার ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়। গত বুধবার (১৪ অক্টোবর) রাতে বগুড়া সদর ও শাহাজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলো, বগুড়া জেলার শাহাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), চালকের সহকারী সাকিব হোসেন (২০) ও বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় নারায়নগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার মৃত মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
তিনি আরো জানান, গত ৭ অক্টোবর রাতে রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রাম এলাকার তালুকদার ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক ৪শ’ টি বিভিন্ন কোম্পানির সিলিন্ডার গ্যাসের বোতল লোড করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ট্রাকটি রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন ব্যক্তি পথরোধ করেন।
এসময় তারা ট্রাকের চালক আসিফসহ গাড়িতে থাকা অন্যান্যদের ধারালো ছুরি দিয়ে হত্যার হুমকি দেয়। অজ্ঞাত দুজন চালকের পাশের সিটে বসে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। ভোর রাত ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার কবরস্থান সংলগ্ন ফাঁকা রাস্তায় থামিয়ে দুটি মিনি ট্রাকে ৪শ’ বোতল সিলিন্ডার গ্যাস, চালক ও সহকারীর কাছে থাকা ৩টি মোবাইল ফোন ও নগদ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
পড়ুন:বইয়ের ভেতর ইয়াবার চালান! নেত্রকোনায় পুলিশের জালে পাচারকারী
ইমি/


