পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১ শিক্ষক ও ৩৪ শিশুসহ নিহত বেড়ে ৩৫; গ্রেপ্তার ভবন মালিক

পাকিস্তানের পেশোয়ার শহরের দির কলোনি এলাকায় একটি বেসরকারি স্কুলের তিনতলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৪ জন শিক্ষার্থী এবং একজন নারী শিক্ষক। নিহত শিশুদের সিংহভাগের বয়সই ছিল ১৩ বছরের নিচে।

বিজ্ঞাপন

পেশোয়ারের পুলিশপ্রধান মিয়ান সাঈদ ও সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) অপারেশনস জানান, সরু গলিতে অবস্থিত তিনতলা স্কুলটির ছাদ গঠনে টি-আকৃতির লোহার বিম, কাঠের তক্তা ও নিম্নমানের স্ল্যাব ব্যবহার করা হয়েছিল। অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে ভবনের তিনতলার শ্রেণিকক্ষের ছাদটি প্রথমে দোতলার ওপর ধসে পড়ে। এরপর সেই সম্মিলিত ভার সইতে না পেরে একতলার ছাদও ধসে গিয়ে প্রতিটি তলার একটি করে শ্রেণিকক্ষ ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনার সময় ওপরের তলায় ৩০ জন, মাঝের তলায় ৪০ জন এবং নিচের তলায় ৪৫ জন শিক্ষার্থী অবস্থান করছিল।

ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পেশোয়ারের ডেপুটি কমিশনার। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা রক্তাক্ত শিশুদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। জিও টিভির তথ্য অনুযায়ী, লেডি রিডিং হাসপাতালে ১ শিক্ষিকাসহ ৩৩ জনের মরদেহ এবং ২০ জন আহত শিশুকে আনা হয়। অন্যদিকে, নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয় আরও দুটি মরদেহ। ঘটনার পর ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে স্কুলমালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা শের আহমেদ এই দুর্ঘটনার জন্য নিম্নমানের নির্মাণসামগ্রীকে দায়ী করে সাংবাদিকদের বলেন, “আমি কর্তৃপক্ষের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানাচ্ছি। এ ঘটনায় যাঁদের দায় পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।”

ইতিমধ্যেই এই ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত নির্দেশ জারি করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক শিক্ষাসচিব ইনায়েতুল্লাহ ওয়াসিম শুক্রবারের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বেসরকারি স্কুল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় শোক ও সমবেদনা

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার পাশাপাশি আহত শিশুদের সার্বিক ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের কড়া নির্দেশ দিয়েছেন।

এছাড়া খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রতিবেদন তলব করেছেন। ঘটনার পর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

পড়ুন : যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন