দেশের সব মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডি নম্বরপ্লেট প্রদর্শনের পাশাপাশি এখন থেকে সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি সরকারের এই নতুন সিদ্ধান্ত একটি জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সংস্থাটি।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী যানবাহনের পেছনে নম্বর প্রদর্শনের বিধানের পাশাপাশি সামনেও নম্বর প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিআরটিএ’র নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নিজ ব্যবস্থাপনায় নির্দিষ্ট শর্ত ও মাপ মেনে মোটরসাইকেলের সামনের অংশে এই ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নম্বরপ্লেট সংযোজনের সুনির্দিষ্ট মাপ ও শর্তাবলি:
১. মোটরসাইকেল বা স্কুটার:
সাইজ: দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার।
ফন্ট: অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
উপাদান ও রঙ: স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির (গ্রাউন্ড) ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।
সতর্কতা: নম্বরপ্লেটে অতিরিক্ত কোনো শোভা বর্ধন বা নকশা করা সম্পূর্ণ নিষিদ্ধ।

২. স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেল:
সাইজ: দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।
ফন্ট ও বিন্যাস: অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক (Horizontal) রেখায় প্রদর্শন করতে হবে (যেমন: ‘ঢাকা মেট্রো-ল-১১-২২৯’)।
সংশ্লিষ্ট সকল মোটরসাইকেল মালিককে নির্ধারিত সময়ের মধ্যেই এই নির্দেশনা মেনে নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।
পড়ুন : কুমিল্লা সীমান্তে ২ পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সা/


