ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ—এই বিষয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ কবি নজরুল সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি দলের ভূমিকায় অংশ নেয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং বিরোধী দলের ভূমিকায় ছিল কবি নজরুল সরকারি কলেজ।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বিজয়ী দলের বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোছা. আছমা আক্তার বেলী বলেন, “আজকের বিতর্কে কবি নজরুল কলেজকে হারিয়ে সোহরাওয়ার্দী কলেজ বিজয়ী হয়েছে। এতে অংশগ্রহণকারী সব বিতার্কিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই অর্জন তাদের সততা ও অধ্যবসায়ের ফল।”
এই বিষয়ে ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক ও অংশগ্রহণকারী বিতর্কিক শাহরিয়ার আজিম জানান,
আলহামদুলিল্লাহ, আমাদের এই অর্জন অর্থাৎ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং সোসাইটি যা অর্জন করেছে তা নতুন বিতর্কিকরাও সামনে জাতীয় পর্যায়ে ন্যাশনাল ডিবেটসহ টেলিভিশন ডিবেট ও সর্বক্ষেত্রে তারা ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। আর ৫ জন বিতার্কিক সহ সোহরাওয়ার্দী কলেজের অনেক শিক্ষার্থী উপস্থিত হয়ে আমাদের উৎসাহ দিয়েছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। এতো সুন্দর বিতর্ক উপহার দেওয়ার জন্য কবি নজরুল সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের বিতার্কিকদের ধন্যবাদ।
তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশী কবি নজরুল হারিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি তার জন্য সকল বিতর্কিকদের ধন্যবাদ জানাতে চাই এবং সর্বোপরি আমাদের কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলি মুখোপাধ্যায় ম্যামকে ধন্যবাদ দিতে চাই ও আমাদের ডিবেটিং সোসাইটির মডারেটর আসমা আক্তার বেলি ম্যাম ও ফখরুল ইসলাম স্যার ও সভাপতির প্রতি কৃতজ্ঞ তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই সফলতা।
এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও গঠনমূলক বিতর্কের চর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা সংশ্লিষ্টদের।
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


