টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইব্রাহিম খান রিয়াদ নামে এক মাদ্রাসা পরিচালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জানায়, আজিজুল কোরআন মডেল মাদরাসায় আবাসিক ৫-৬ জন ছাত্রকে বিভিন্ন সময়ে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মাদরাসার পরিচালক ইব্রাহিম খান রিয়াদের বিরুদ্ধে। শুক্রবার আবাসিকের এক ছাত্র ছুটিতে বাড়িতে গেলে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। পরে ওই ছাত্রের অভিভাবকরা বিষয়টি মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও ভাতগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য জিয়ারত হোসেনকে জানান।
শনিবার বিকেলে অভিযোগের বিষয়ে মাদরাসায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ সময় বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত এলাকাবাসী মাদরাসা পরিচালক ইব্রাহিম খান রিয়াদকে গণধোলাই দেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু বলেন, একজন ছাত্র তার পরিবারের কাছে বিষয়টি জানানোর পর তারা বিষয়টি আমাদের অবগত করেন। পরে এ নিয়ে মাদ্রাসার বসা হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ইব্রাহিম খান রিয়াদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : শেরপুরে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


