পাথরঘাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান চিফ হুইপের

কিশোরীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি।

সোমবার (১৯ অক্টোবর) বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রজননক্ষমতা ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও উপবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়েরা যেন শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা বিকশিত করে নেতৃত্ব দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কিশোরীদের সুস্থ বিকাশ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রজননস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করে তুলতে হবে।

এ সময় পাথরঘাটায় মাদক, চাঁদাবাজি, দখলদারত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন চিফ হুইপ। আগামী দুই মাসের মধ্যে বরগুনা-২ আসন থেকে মাদক, চাঁদাবাজি ও দখলদারত্ব নির্মূলের কথাও জানান তিনি।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ‘স্ট্রেংদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন ইন্টিগ্রেশন অব পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (SPCPD)’ প্রকল্প, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এবং পাথরঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বিএন্ডআইটি অনুবিভাগের মহাপরিচালক আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সংসদ সচিবালয়ের যুগ্মসচিব মো. আল মামুন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন গাজীপুরের জেলা প্রশাসক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন