ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদ। সোমবার (১৯ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সুজন মাহমুদ বলেন, হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের নির্যাতন বা হয়রানি মেনে নেওয়া হবে না। হিন্দু-মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে একে অপরের পাশে থাকবে।
তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে। কোনো দুষ্কৃতকারী যেন পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছে।
সুজন মাহমুদ আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার ধামরাইয়ে সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি পূজামণ্ডপে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব উদযাপন করতে হবে। কোনো দুষ্কৃতকারী যেন মণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ। তিনি সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
পড়ুন : কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন গাজীপুরের জেলা প্রশাসক


