বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ সম্প্রীতি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নরসিংদীতে মাধবদী পৌর শহরের কাশীপুর লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম সার্বজনীন দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো ধরনের শঙ্কা বা ভয়ভীতি ছাড়াই আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় ভারতের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক থাকার এবং পূজারীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখার আহ্বান জানান।
বাবু লুটু শাহার তত্ত্বাবধানে আয়োজিত এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং র্যাব-১১-এর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পড়ুন : টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই


