সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ বছরের (১ম শ্রেণীর ছাত্রী) শিশুকে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে আব্দুর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছেন পুলিশ।
অভিযুক্ত আব্দুর রহমান উপজেলার পোরজোনা ইউনিয়নের চরবাচরা নতুনপাড়া গ্রামের মৃত এশারত আলীর ছেলে।
এ দিকে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তারের পর বিকালে স্থানীয়রা তার বাড়িঘর ভাঙচুর করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মাতা, মোছাঃ নুরুন্নাহার খাতুন (৩৯) বাদী হয়ে গত শুক্রবার শাহজাদপুর থানায় আব্দুর রহমানকে আসামী করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার পেয়ে তদন্ত ও আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইনি সকল কার্যক্রম শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুর রহমান ও তাদের বাড়ি একই গ্রামে পাশাপাশি হওয়ায় স্কুলে যাওয়া-আসার পথে তিনি দীর্ঘদিন ধরে শিশুটিকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি পূর্বে একাধিকবার আসামী ও তার পরিবারকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি।
অভিযোগে আরও বলা হয়, গত ১৩ অক্টোবর বিকেলে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় আসামী ফুসলিয়ে তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে বিভিন্ন কু-প্রস্তাব ও অঙ্গভঙ্গি করে স্পর্শের চেষ্টা চালানো হয়। পরবর্তীতে শিশুটি রাজী না হলে তাকে জোরপূর্বক ঘরের ভেতর বিছানায় ফেলে পোশাক টেনে খোলার চেষ্টা করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে নির্যাতন চালানো হয়।
শিশুর চিৎকারে আসামী তাকে ছেড়ে দিলে সে দৌড়ে বাড়ি পালিয়ে এসে বিষয়টি পরিবারকে জানায়। পরবর্তীতে বিষয়টি এলাকার আত্মীয়-স্বজন ও সাক্ষীদের সাথে আলোচনা করে থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগীর মা।
পড়ুন : টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই


