পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে নিজ গর্ভধারিণী মাকে কাঁচি দিয়ে জবাই করে হত্যা করেছে পাষণ্ড ছেলে। অদ্য মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার বিএলবাড়ী ইউনিয়নের লক্ষীকুল গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সূর্যবানু (৫৫)। তিনি লক্ষীকুল গ্রামের লোকমান সরদারের স্ত্রী। অন্যদিকে গ্রেফতারকৃত ঘাতক ছেলের নাম মোহাম্মদ উদ্দিন সরদার (২৭)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টা ৩০ মিনিটের দিকে সূর্যবানু নিজ বাড়ীর রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় ছেলে উদ্দিন সরদার তার মায়ের কাছে নেশার টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পাষণ্ড ছেলে রান্নাঘরের কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে নিজ মাকে নির্মমভাবে জবাই করে হত্যা করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে নামে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সকাল ১১টার দিকে এলাকাতেই জনৈক আব্দুল হাকিমের বসতঘরের লোহার দরজা কেটে লুকিয়ে থাকা ঘাতক উদ্দিন সরদারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই আমাদের সঙ্গীয় অফিসারদের নিয়ে অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণের করেছি। এ বিষয়ে একটি হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘাতক ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পড়ুন : ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি
সা/


