ছকে বাঁধা সরকারি সফরের নিয়মের বাইরেও থাকে শেকড়ের প্রতি মানুষের গভীর টান। আর সেই টানেই যেন এক দুপুরে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের আকস্মিক ও অনানুষ্ঠানিক পরিদর্শনে এলেন শিক্ষা মন্ত্রণালয়ের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) সিনিয়র সচিব আবদুল খালেক। সাথে ছিলেন তার সহধর্মিণী, যা পরিদর্শনে স্নিগ্ধ ও উৎসবমুখর আবহ তৈরি করেছিল।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে সচিবের গাড়ি যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে, তখন সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। গাড়ি থেকে নামার পরপরই তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান। এরপর একে একে শ্রদ্ধা ও ভালোবাসার স্মারক হিসেবে ফুল দিয়ে তাকে স্বাগত জানান নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহাম্মদ। এসময় শ্রদ্ধাভরে সচিবের সহধর্মিণীকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরিবেশের প্রতি দায়বদ্ধতা এবং ক্যাম্পাসে সবুজের প্রসারের প্রতীক হিসেবে পরিদর্শনের একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি নিমের চারা রোপণ করেন সিনিয়র সচিব আবদুল খালেক। নিজ হাতে মাটি দিয়ে এবং চারাটিতে পানি ঢেলে তিনি যেন বিশ্ববিদ্যালয়ের টেকসই ভবিষ্যতের এক সুন্দর বার্তা দিয়ে যান। এ সময় চারপাশ ঘিরে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।
বৃক্ষরোপণ শেষে তিনি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে হেঁটে হেঁটে নবনির্মিত ভবন ও বিভিন্ন কক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নির্মানাধীন অবকাঠামো ও চারপাশ ঘুরে দেখেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নের প্রতি তার আন্তরিকতা প্রকাশ পায় তার সাবলীল বক্তব্যে।
এ সময় প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি সরকারি দায়িত্ব, সরকারি কাজ করা। শিক্ষা সচিব হিসেবে আসছি। এটা আমার এলাকাও, একটা উন্নয়নের অংশ হিসেবেও।” তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে আশ্বস্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ এগিয়ে নেওয়া হবে এবং স্থগিত থাকা কাজগুলো ইনশাআল্লাহ্ পুনরায় শুরু করা হবে।
পরিদর্শনকালে তার সার্বক্ষণিক সঙ্গী হয়েছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান।
এছাড়াও নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) মুন মুন জাহান লিজাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে পুরো সময় জুড়েই তাকে সঙ্গ দেন।
প্রথাগত পরিদর্শনের কাঠিন্য ভেঙে শিক্ষা সচিবের আন্তরিক উপস্থিতি ও দিকনির্দেশনা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নের পথকে আরও সুগম ও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে। সমাজের সব শ্রেণির মানুষের কাছে এটি ইতিবাচক বার্তা হিসেবেই পৌঁছেছে।
পড়ুন : সীতাকুণ্ডে বিলবোর্ডে মাইক্রোবাসের সজোরে ধাক্কা: মা-মেয়ে নিহত, আহত ৪


