খুলনার মিস্ত্রিপাড়া এলাকায় ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনার পর গুলিতে নিহত হয়েছেন তুষার নামে এক যুবক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে এ ঘটনা ঘটে। নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদরাসার সামনে প্রথমে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। একপর্যায়ে দুর্বৃত্তরা তুষারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।
ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে কিছু দূরে পাওয়া গেছে গুলির দুটি খোসা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার ভাষ্য, নিহত তুষার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন। প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি আরও জানান, তুষারের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পড়ুন: ইরানে তীব্র হামলার চূড়ান্ত প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরাইলের


