শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারসহ তিন দফা দাবিতে ঢাকার ধামরাইয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কালামপুর বাজার, ধামরাই বাজার ও ইসলামপুর এলাকায় সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
‘তেঁতুলিয়া থেকে টেকনাফ—দেশব্যাপী ইনসাফের পদযাত্রা’ কর্মসূচির আওতায় আয়োজিত এ কর্মসূচিতে শহীদ ওসমান হাদী হত্যার বিচারে প্রশাসন ও তদন্ত কর্তৃপক্ষের কথিত সময়ক্ষেপণের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
কর্মসূচিতে উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার সম্পন্ন করা, গণভোটে জনগণের রায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বর গণহত্যার বিচার নিশ্চিত করা।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে ‘শহীদ সমাবেশ’ অনুষ্ঠিত হবে। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষকে ওই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ ছাড়া উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা জেলা শাখার সদস্যসচিব খোকন ইসলাম, এনসিপি ধামরাই পৌরসভা শাখার সদস্যসচিব নাজমুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।
পড়ুন: সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে খাগড়াছড়িতে পর্যটকরা


