ভূমধ্যসাগরীয় উপকূলীয় এলাকায় একাদিক ভূকম্পনের পর চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইতালিতে। সিসিলির নিকটবর্তী অঞ্চলে অন্তত ১২টি ভূমিকম্প রেকর্ড করার পর দেশটিতে সুনামি সতর্কতা এবং ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর বরাতে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এসব ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-র তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে সিসিলির উত্তরাঞ্চলে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ৫.৭ মাত্রার প্রধান কম্পনটি রেকর্ড করা হয়।
কম্পনগুলোর মূল কেন্দ্র ছিল সিসিলির রাজধানী ও উত্তর উপকূলীয় শহর পালের্মো থেকে ৬০ মাইলেরও কম দূরত্বে। এর প্রভাবে পালের্মো ছাড়াও পাত্তি, লিকাটা, কাপো দ’ওরলান্দো এবং কাম্পোফেলিচে দি রোচেল্লা এলাকাগুলোতে তীব্র কম্পন অনুভব করেন বাসিন্দারা।
ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালের্মো ও মেসিনার বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পশ্চিম উপকূলের ত্রাপানি শহরের একটি আদালত ভবন খালি করা হয়েছে। এছাড়া সিসিলি ও মূল ভূখণ্ডের মাঝামাঝি দ্বীপ লিপারিতেও সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা দ্রুত ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। উপরিভাগ ও উপকূলীয় অঞ্চলের জনগণকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাচলের আহ্বান জানিয়েছে প্রশাসন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এসব কম্পনে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
পরিস্থিতি সম্পর্কে পালের্মোর মেয়র রবার্তো লাগাল্লা জানান, প্রশাসন সার্বক্ষণিক পরিবর্তনশীল এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমানে কোনও হতাহত বা সম্পত্তির কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।’
পড়ুন : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
সা/


