রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় দেশজুড়ে এবং শোবিজ অঙ্গনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার শনিবার সকালে গণমাধ্যমকে জানান, “বিসিবির সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং ঘটনার কারণ কী, তা খুঁজছে পুলিশ। এ ছাড়াও এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আকস্মিক এই গুলিবর্ষণের সময় গাড়িটিতে আসিফ আকবর নিজে উপস্থিত ছিলেন না; ফলে তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছেন। তবে এ হামলার নেপথ্যে কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধের যোগসূত্র রয়েছে কি না কিংবা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তের গুলিবর্ষণের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টারের নিচতলার পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোরের ওই সময়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এসে গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এই আকস্মিক হামলায় গাড়িটির পেছনের জানালার কাচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
ঘটনার সময় সংগীতশিল্পী আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না; বরং তিনি তখন ওই বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের নিজস্ব অফিসে অবস্থান করছিলেন।
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তীতে আসিফ আকবর ও তাঁর এক বন্ধুর উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত গাড়িটি তল্লাশি করা হয় এবং ভেতর থেকে একটি পিস্তলের খোসা উদ্ধার করে জব্দতালিকার মাধ্যমে তা হেফাজতে নেয় পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেছেন। হামলাকারী কোন দিক থেকে এসে কোন পথে পালিয়ে গেছে, তা নিশ্চিত হতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান সাংবাদিকদের জানান, বিশাল সেন্টারের নিচে ফুটপাতের ওপর গাড়িটি পার্ক করা ছিল এবং শিল্পী তখন অফিসে ছিলেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তলের খোসার পাশাপাশি গাড়িটি বর্তমানে তাঁর নিজের হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি এবং এ ঘটনায় শিল্পী আসিফ আকবরও নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি। ব্যক্তিগত, পেশাগত বা অন্য কোনো বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, জনপ্রিয় এই শিল্পীর গাড়িতে হামলার খবর ছড়িয়ে পড়লে চলচ্চিত্র অভিনেতা ওমর সানি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ক্ষতিগ্রস্ত গাড়ি ও আসিফ আকবরের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও অত্যন্ত পরিচিত মুখ আসিফ আকবর। তাঁর গাড়িতে চালানো এই আকস্মিক গুলিবর্ষণের পর থেকেই বিনোদন জগৎ ও তাঁর অগণিত ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে।
পড়ুন : পিএইচপির চরম নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট
সা/


