গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার শৈলান (পশ্চিম শৈলডুবি) অবস্থিত ‘সুপ্রিম গার্মেন্টস’-এর কার্টন ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে আগুন নেভাতে কাজ পরিচালনা করছে এবং পরিস্থিতি সামাল দিতে পথে রয়েছে আরও ১টি ইউনিট।
ঘটনার বিবরণ দিয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে সংবাদের ভিত্তিতে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। তবে কারখানার ভেতরের গুদামে বিপুল পরিমাণ খালি কার্টন ও সুতা থাকায় আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে পরবর্তীতে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৩টি এবং অন্যান্য স্থান থেকে আরও ৩টি ইউনিট এসে উদ্ধারকাজে অংশ নেয়।
বর্তমানে মোট আটটি ইউনিট আগুন ছড়িয়ে পড়া রোধে কাজ করছে এবং আরও একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এক সপ্তাহ আগেই গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৭ অক্টোবর বিকেল ৪টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
এ ঘটনারই মাত্র তিনদিন আগে, গত ১৪ অক্টোবর বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায়। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দলের সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে সেই আগুন।
পড়ুন : ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে ব্রেন্ট ক্রুড, ব্যারেলপ্রতি ছাড়াল ১১৬ ডলার
সা/


