নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাধা ও হামলার চেষ্টার মুখে পড়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় তাকে ঘিরে বিক্ষোভ করেন হকাররা। একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর পুরোনো কোর্ট ও কালীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে সিটি করপোরেশনের ২০ থেকে ৩০ জন কর্মী গাড়ি ও ভেকু নিয়ে উচ্ছেদ অভিযান চালান। এ সময় ফুটপাত ও সড়কে থাকা অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়।
হকারদের অভিযোগ, আগাম ঘোষণা ছাড়াই অভিযান চালিয়ে তাদের দোকানের চৌকি ও ভ্যান ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি গেঞ্জি, জুতা ও অন্যান্য পণ্যসহ অন্তত ১০টি সবজিবাহী ভ্যান সিটি করপোরেশনের গাড়িতে তুলে নেওয়া হয়। এ নিয়ে প্রতিবাদ করলে কর্মীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।
পরে কালীবাজার এলাকায় প্রশাসককে ঘিরে বিক্ষোভ করেন হকাররা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযানের সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, এনসিসি প্রশাসক উচ্ছেদ অভিযান চালানোর বিষয়ে আগে পুলিশকে জানাননি। পরে হকারদের সঙ্গে বাগ্বিতণ্ডার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে হকাররা কর্মীদের ওপর হামলার চেষ্টা করেন এবং তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। তারা মালামাল রাস্তায় ফেলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করে বাসায় চলে যান।
পড়ুন:ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিল বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, সংকেত বেড়ে ২
ইমি/


