সরকারের সুনির্দিষ্ট প্রস্তুতি ও সম্মতি আছে বলেই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বিতর্কিত ‘ক্রসফায়ার’ ফিরিয়ে আনার বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এ কারণে আইজিপিকে জবাবদিহির আওতায় আনার জোরালো দাবি জানান তিনি। একইসঙ্গে নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারকে নতুন কোনো নাটক মঞ্চস্থ না করারও আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন আখতার হোসেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও আইজিপির বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আখতার হোসেন বলেন, বাহিনীগুলো মূলত নিজেদের স্বার্থ রক্ষা করেই পরিচালিত হয়। সরকারের সাথে অভ্যন্তরীন কোনো আলোচনা ছাড়া আইজিপির মুখ থেকে এ ধরনের বক্তব্য আসা সম্ভব নয়।
আইজিপির বক্তব্য রূপক অর্থে ব্যবহার করা হয়েছে— প্রশাসনিক এমন ব্যাখ্যার কঠোর সমালোচনা করে এনসিপির সদস্যসচিব প্রশ্ন তোলেন, এ ধরনের বক্তব্যকে রূপক হিসেবে বর্ণনা করা হলে তা আবার কেমন রূপকথা? তিনি আরও বলেন, “আইজিপি ক্রসফায়ারের কথা বলেছেন, এটিকে সরকারের বক্তব্য হিসেবে ধরে নেয়া যেতে পারে।” এই চরম আপত্তিকর মন্তব্যের জন্য আইজিপির দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সাইবার সুরক্ষা আইনের কঠোর সমালোচনা করে এই সংসদ সদস্য অভিযোগ করেন, সরকার জনগণের সুরক্ষার চেয়ে নিজেদের সুরক্ষাকেই অগ্রাধিকার দিয়ে আইন করতে চাইছে। সরকার চায় কেবল নিজেদের সুবিধাজনক তথ্যই প্রচারিত হোক। সরকারের এই নীতিকে চরম ‘ফ্যাসিবাদী’ ও ‘উত্তর কোরিয়া মডেলের’ সাথে তুলনা করেন তিনি। এছাড়া সরকারের প্রতি সাইবার সুরক্ষা আইনসংক্রান্ত সংশোধনী সংসদে উপস্থাপন না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই সংশোধনীতে দেশের কোনো মঙ্গল নেই, বরং নাগরিকদের বাক্স্বাধীনতা সংকুচিত করাই এর একমাত্র উদ্দেশ্য।
সরকার অপতথ্য ও গুজব প্রতিরোধের কথা বললেও নিজেরা যে গুজব ছড়াচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে সাথী আক্তারের উদাহরণ টেনে তিনি জানান, সরকারের সিদ্ধান্তের সমালোচনা করায় ময়মনসিংহের ভালুকায় সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। অনতিবিলম্বে সাথী আক্তারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
সংস্কার কার্যক্রম ও বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে আখতার হোসেন বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনলেও তা নিজেদের পছন্দের লোক দিয়ে গঠন করতে চায়। দলটির বর্তমান রাজনৈতিক পথকে ‘আরেকটি স্বৈরাচারী পথ’ আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, দেশে পুনরায় এমন পরিস্থিতি আর তৈরি হতে দেওয়া হবে না। একইসাথে গুম কমিশনসহ বিভিন্ন কমিশনকে নিজেদের তল্পিবাহক বানানোর উদ্দেশ্যে সরকার নতুন নতুন আইন করছে বলেও তিনি অভিযোগ তোলেন।
পড়ুন : এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ পরিবর্তন, ৩১ অক্টোবর ফল প্রকাশ
সা/


