ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা অপপ্রচারের নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সূতিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জামান বলেন, সম্প্রতি ধামরাই থানা পুলিশ ওই ওয়ার্ড থেকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে রতন মিয়া নামের এক যুবকও রয়েছেন। তিনি অতীতে যুবদলের বিভিন্ন সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন। তবে তাঁর মাদক সংশ্লিষ্টতার বিষয়টি জানার পর ইউপি সদস্য মোশারফ হোসেন তাঁকে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দেন বলে দাবি করেন তিনি।
এস এম জামান আরও বলেন, একটি মহল এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইউপি সদস্যকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে তিনি বলেন, সূতিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করতে এলাকাবাসী ও রাজনৈতিক নেতাকর্মীদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকবে।
মানববন্ধনে ইউপি সদস্য মো. মোশারফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অন্যায়ের প্রতিবাদ’ নামের একটি ফেসবুক পেজ থেকে তাঁকে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে। তাঁর দাবি, এসব তথ্যের মাধ্যমে তাঁর ব্যক্তিগত সুনাম ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
তিনি আরও দাবি করেন, রতন মিয়া একসময় তাঁর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন। পরবর্তী সময়ে ওই যুবকের মাদক সংশ্লিষ্টতার তথ্য জানতে পেরে তিনি তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখেন। মোশারফের ভাষ্য অনুযায়ী, ওই যুবক ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের নেতিবাচক তথ্য ছড়ানো হচ্ছে।
ইউপি সদস্য বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলেই প্রমাণ ছাড়াই অন্য কাউকে সেই ঘটনার সঙ্গে জড়িয়ে প্রচার চালানো উচিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই না করে তা ছড়িয়ে দেওয়া সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক মর্যাদা ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে। তাই তিনি বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ সময় মোশারফ হোসেন তাঁর বিরুদ্ধে প্রচারিত অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাঁদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় মানববন্ধনে যুবদলের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পড়ুন:বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর
ইমি/


