দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছে দিনাজপুরবাসী। আগামী ১৫ দিনের মধ্যে মাঠ উন্মুক্ত না করলে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে বড় মাঠ রক্ষা কমিটি।
আজ বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে খেলোয়াড়, সংগঠক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন ক্লাব, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের নাম করে ঐতিহাসিক এই মাঠটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। মাঠটির অবাধ ব্যবহার নিশ্চিত করতে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও জনসাধারণ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। অবিলম্বে মাঠটি সকল সাধারণ মানুষের জন্য অবমুক্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, দিনাজপুর বড় মাঠ এ অঞ্চলের অন্যতম বড় ও ঐতিহাসিক মাঠ। এখানে বিভিন্ন জাতীয় টুর্নামেন্ট, খেলাধুলা এবং বড় জমায়েত অনুষ্ঠিত হয়। এছাড়া এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত এই গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, অধ্যাপক আব্দুল জলিল, রেজাউর রহমান রিজু, অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন লাবু, মেহেরুল্লাহ বাদল, ডা. শহীদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বড় মাঠ অবমুক্ত করা না হলে কঠোর কর্মসূচি হিসেবে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করা হবে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পৌরসভার রেললাইন অবরোধ করেন। এ সময় মানববন্ধনে ধর্মপ্রাণ মুসল্লী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, ছাত্র-ছাত্রী, খেলোয়াড় ও সংগঠকরা উপস্থিত ছিলেন।
পড়ুন : মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
সা/


