মাকে হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

ব্যক্তিগত জীবনে বড় দুঃসংবাদ পেলেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন তার মা ইউলালিয়া মারজেত্তি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বিশ্বকাপজয়ী কোচের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কঠিন এই সময়ে স্কালোনি ও তার পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সান্তা ফে প্রদেশের পুজাতো শহরে মারা যান ইউলালিয়া মারজেত্তি। বুধবার সকালে তার মৃত্যুর খবর স্থানীয় রেডিও স্টেশন রেডিও ২-কে নিশ্চিত করেন পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা। স্কালোনির জন্মস্থান পুজাতোতেই স্বামী আনহেল স্কালোনির সঙ্গে বসবাস করতেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে এএফএ। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়াসহ পুরো আর্জেন্টিনা ফুটবল পরিবারের পক্ষ থেকে স্কালোনি ও তার স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে এএফএ জানায়, ‘আমাদের কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তির মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াসহ সবাই গভীর সমবেদনা জানাচ্ছেন। এই কঠিন সময়ে স্কালোনি ও তার প্রিয়জনদের প্রতি পুরো আর্জেন্টিনার ভালোবাসা ও সহমর্মিতা রইল। শক্ত থাকুন।’

আলাদাভাবে শোক জানিয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘প্রিয় গ্রিঙ্গো, তোমার মাকে হারানোর এই কঠিন সময়ে পুরো দেশ তোমাকে ও তোমার পরিবারকে আগলে রেখেছে। আমার গভীর সমবেদনা রইল। তোমাকে অনেক ভালোবাসি। তোমাদের পাশে আছি। ইউলালিয়া মারজেত্তি শান্তিতে থাকুন।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও লা নাসিওনের তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন স্কালোনির মা। ২০২১ সালে তার গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দেয়। সেই সময় থেকেই মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন আর্জেন্টিনা কোচ।

মায়ের অসুস্থতা নিয়ে এর আগেও প্রকাশ্যে কথা বলেছেন স্কালোনি। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে আবেগাপ্লুত হয়ে মাকে শিরোপা উৎসর্গ করেছিলেন তিনি।

সেবার স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। ঐতিহাসিক সেই জয়ের পর স্কালোনি বলেছিলেন, ‘কোপা আমেরিকার এই শিরোপা আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তিনি গুরুতর স্বাস্থ্যসমস্যায় পড়েছিলেন। এখনো সুস্থ হওয়ার জন্য লড়াই করছেন।’

সেই সময় মায়ের পাশাপাশি নিজের পরিবার ও জন্মস্থান পুজাতোর মানুষের প্রতিও ভালোবাসা জানান স্কালোনি। জীবনের অন্যতম বড় সাফল্যের মুহূর্তেও মায়ের অসুস্থতা নিয়ে উদ্বেগ আড়াল করতে পারেননি তিনি।

একই বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে জয়ের পরও মায়ের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছিলেন স্কালোনি। তখন তিনি জানিয়েছিলেন, পারিবারিক পরিস্থিতির কারণে বিশ্বকাপ নিয়ে ভাবার মতো মানসিক অবস্থায় ছিলেন না।

তবে ব্যক্তিগত জীবনের সেই কঠিন সময়েও আর্জেন্টিনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যান স্কালোনি। তার অধীনে ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা।

২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পরও মা-বাবার অবদানের কথা স্মরণ করেছিলেন স্কালোনি। সেদিন তিনি জানিয়েছিলেন, মা-বাবার কাছ থেকেই হার না মানার শিক্ষা পেয়েছেন। কঠিন পরিস্থিতিতেও সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরিতে তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।

পুজাতোয় দীর্ঘদিন স্থানীয় প্রশাসনের শান্তি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন স্কালোনির মা। স্বামী আনহেলের সঙ্গে তিন সন্তান লিওনেল, মাউরো ও কোরিনাকে বড় করেছেন তিনি। স্থানীয় সমাজেও পরিচিত মুখ ছিলেন ইউলালিয়া।

তার মেয়ে কোরিনা আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশে ‘স্কালা বেকারি’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। মায়ের মৃত্যুর পর বুধবার ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।

এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, মায়ের শেষবিদায়ে অংশ নিতে নিজ শহর পুজাতোর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল স্কালোনির। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সীমিত পরিসরে শেষবিদায়ের আয়োজন করা হয়েছে।

পাঁচ বছর আগে কোপা আমেরিকা জয়ের আনন্দের মধ্যেও অসুস্থ মায়ের কথা ভুলতে পারেননি স্কালোনি। সেই শিরোপা উৎসর্গ করেছিলেন তাঁকেই। বিশ্বকাপসহ একের পর এক সাফল্য এনে দেওয়া আর্জেন্টিনার এই কোচ এবার হারালেন তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষকে।

পড়ুন:টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন