এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এবারের পরীক্ষায় অংশ নেওয়া প্রতি তিনজন শিক্ষার্থীর একজনের বেশি অকৃতকার্য হয়েছেন। বিপরীতে জিপিএ-৫ অর্জনের সংখ্যাও নেমে এসেছে মাত্র তিনজনে। ফলাফলে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ।
কলেজের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর তিন বিভাগ মিলিয়ে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৫ জন। বাকি ৭২৪ জন শিক্ষার্থী পাস করতে পারেননি। সে হিসাবে কলেজটির পাসের হার ৬৩ দশমিক ৪৫ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৬ জন উত্তীর্ণ হয়েছেন। অকৃতকার্য হয়েছেন ৩৫৪ জন। এ বিভাগ থেকেই জিপিএ-৫ পেয়েছেন দুজন।
মানবিক বিভাগেও ফলাফল খুব একটা সন্তোষজনক নয়। এ বিভাগে ৬৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৯৬ জন। ফেল করেছেন ২৪৪ জন। জিপিএ-৫ পেয়েছেন একজন।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগে ৩৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৬৩ জন। অকৃতকার্য হয়েছেন ১২৬ জন। এ বিভাগে জিপিএ-৫ অর্জন করতে পারেননি কোনো শিক্ষার্থী।
এমন ফলাফলে হতাশা প্রকাশ করেছেন কলেজ সংশ্লিষ্টরাও। সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স কাউন্সিলের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান বলেন, ফলাফলটি অত্যন্ত দুঃখজনক। কলেজের সঙ্গে সংশ্লিষ্ট সবার মতো তিনিও এতে হতাশ। এখনো ফলাফলের আনুষ্ঠানিক কপি হাতে পাননি তাঁরা। ফলাফল খারাপ হওয়ার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টদের নিয়ে বসে পর্যালোচনা করা হবে। পাশাপাশি এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ঘাটতি না থাকলে এমন ফলাফল হওয়ার কথা নয়। গত বছর প্রাইভেট শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে এসে পরীক্ষায় অংশ নেওয়ায় ফলাফল খারাপ হয়েছিল। তবে তাঁর জানা মতে, এ বছর সেই ব্যবস্থা বন্ধ ছিল।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
পড়ুন : পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা
সা/


