‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিটি ধামরাই উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ও কর্মমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের দেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। দক্ষ ও কর্মক্ষম যুবসমাজ গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পড়ুন : রূপগঞ্জে ফলাফল বিপর্যয়: ৭ প্রতিষ্ঠানে ফেলের পাল্লা ভারী; মাদরাসাগুলোতেও হতাশা


