ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার ২৬ আগস্ট ২০২৪ তারিখের একটি হত্যা মামলা দায়ের হয়। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে ডিবিসি নিউজের অন্য সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা সে বিষয়টি তিনি অস্বীকার করেন এবং তাকে ডিবিতে আনা হয়নি বলে জানান তিনি।
তবে ডিবি সূত্রে জানা যায়, মুচলেকা দিয়ে রাতের মধ্যেই ছাড়া পান রাজিব ঘোষ।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে হেফাজতে নেয় ডিবি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে ইকবাল সোবহান চৌধুরী বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের চেয়ারম্যান ছিলেন। পরে তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়া হয়। তবে এরপরও তিনি মাঝেমধ্যে কার্যালয়ে যাতায়াত করতেন। বুধবার দুপুরে অফিসে গিয়ে নিজেকে ডিবিসি নিউজের চেয়ারম্যান বলে দাবি করেন তিনি। একপর্যায়ে বেলা ৩টার দিকে কার্যালয় থেকে বের হলে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। একই সময় চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকেও নিয়ে যাওয়া হয়।
এদিকে, বুধবার বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া পর্যালোচনা-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে ইকবাল সোবহান চৌধুরীর আটকের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তিনি আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকার কারণেই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে।
পড়ুন : শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক


