চোখেমুখে আলো ছড়ানো স্বপ্ন আর প্রত্যন্ত গ্রামের ধূলিমলিন পথ পেরিয়ে আজ সে পৌঁছে গেছে সাফল্যের এক অনন্য উচ্চতায়। বলছি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাদিয়া আক্তারের কথা। সাধারণ এক গ্রামীণ পরিবার থেকে উঠে আসা এই খুদে ক্রীড়াবিদ এবার পা রাখতে চলেছেন দেশের সর্বোচ্চ ক্রীড়া বিদ্যাপীঠ বিকেএসপিতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সরাসরি অফার লেটার গ্রহণ করে নিজের ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিলেন এই কিশোরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–সিজন ২’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সাদিয়ার হাতে এই সম্মানজনক অফার লেটার তুলে দেন। প্রধানমন্ত্রীর হাত থেকে সরাসরি এমন স্বীকৃতি পাওয়ায় আনন্দে ভাসছে সাদিয়ার পরিবার ও পুরো এলাকার মানুষ।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের এক সাধারণ পরিবারের সন্তান সাদিয়া। তার বাবা মরহুম হারুন মিয়া একসময় কাঁচামালের ব্যবসা করতেন। পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকলেও সাদিয়ার অদম্য ক্রীড়াপ্রতিভা ও ইচ্ছাশক্তি তাকে নিয়ে এসেছে এই পর্যন্ত। বর্তমানে সে হিংগারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। স্থানীয় পর্যায় থেকে নিজেকে তিল তিল করে গড়ে তুলে আজ সে জাতীয় ক্রীড়াঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ এই সুযোগ অর্জন করল।
সাদিয়ার এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত তার শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসী। হিংগারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম বলেন, সাদিয়ার এই অর্জন প্রত্যন্ত অঞ্চলের ক্রীড়াপ্রতিভা বিকাশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শহরের বাইরে থাকা অনেক প্রতিভাবান ছেলেমেয়ের মধ্যেও যে বড় মঞ্চে জায়গা করে নেওয়ার সামর্থ্য রয়েছে, সাদিয়ার সাফল্য সেটাই প্রমাণ করে।”
বিকেএসপিতে প্রাতিষ্ঠানিক ও পেশাদার প্রশিক্ষণের সুযোগ পাওয়ার মাধ্যমে সাদিয়ার সামনে এখন বিশ্বমানের খেলোয়াড় হয়ে ওঠার পথ সুগম হলো। কঠোর অনুশীলনের মাধ্যমে নিজের প্রতিভা শাণিত করে ভবিষ্যতে লাল-সবুজের জার্সিতে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে সাদিয়া। সাদিয়ার এই জয়যাত্রা শুধু তার একার নয়, বরং গাইবান্ধার প্রত্যন্ত গ্রামের হাজারো স্বপ্নবাজ কিশোরীর অনুপ্রেরণা হয়ে থাকবে।
পড়ুন : আ.লীগ সম্পৃক্ততার অভিযোগ: নেত্রকোনা পৌর মহিলা দলের কমিটি স্থগিত


