ভারতের ভিসা প্রত্যাশীদের জন্য নতুন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে দেশটির হাই কমিশন। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে প্রবেশ করতে ইচ্ছুক সকল বিদেশি নাগরিকের জন্য বৈধ জাতীয় পাসপোর্ট এবং বিদেশে অবস্থিত ভারতীয় মিশন থেকে সংগৃহীত বৈধ ভিসাসহ আন্তর্জাতিক ভ্রমণ নথি থাকা বাধ্যতামূলক।
নতুন এই নিয়ম অনুযায়ী, এখন থেকে সব ধরনের ভারতীয় ভিসার আবেদনের সঙ্গে নির্দিষ্ট ফরম্যাটে তৈরি ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া আবশ্যিক করা হয়েছে। নির্ধারিত এই ফরম্যাটে ফর্ম জমা দেওয়া না হলে সংশ্লিষ্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের প্রক্রিয়া:
ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত অ্যাডভাইজরিতে বলা হয়েছে, আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘Visa Undertaking Form’ ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর পূরণকৃত ওই ফর্মটি স্ক্যান করে NIC Visa Application Portal-এ অনলাইনে ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। হাইকমিশন স্পষ্ট জানিয়েছে যে, শুধুমাত্র নির্দিষ্ট ফরম্যাটের ফর্মটিই গ্রহণযোগ্য হবে; অন্য কোনো ফরম্যাটের অঙ্গীকারনামা গ্রহণযোগ্য নয়।
অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন ও জমা দেওয়ার পর, ওই আবেদনপত্রের যথাযথভাবে স্বাক্ষরিত প্রিন্ট কপি এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়ক কাগজপত্রসহ সাক্ষাৎকারের নির্ধারিত দিনে সংশ্লিষ্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (IVAC) অথবা সরাসরি ভারতীয় মিশনে জমা দিতে হবে।
সহায়ক নির্দেশিকা ও তথ্য:
ফর্ম পূরণ এবং অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের বিস্তারিত নির্দেশিকা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন নির্দেশিকায় এবং প্রয়োজনীয় কারিগরি তথ্য টেকনিক্যাল নির্দেশিকায় পাওয়া যাবে। এ ছাড়াও ‘ভিসা এনকোয়ারি’ লিংকের মাধ্যমে ভিসার আবেদনের বর্তমান অবস্থা (স্ট্যাটাস) যাচাই করা সম্ভব। ভিসা সংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ভারতীয় মিশনের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।
পড়ুন : বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
সা/


