‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সংগীতপ্রেমীদের জন্য এক বিশাল উন্মুক্ত সংগীত আসরের আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আগামী শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর সলিডারিটি’ শীর্ষক এই বিশেষ কনসার্ট। একই মঞ্চে দেশের শীর্ষ সাতটি ব্যান্ড পারফর্ম করতে চলায় এরই মধ্যে শ্রোতাদের মাঝে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
এই জমকালো আয়োজনে মঞ্চ মাতাবে মাহফুজ আনাম জেমসের ‘নগরবাউল’। এ ছাড়া এতে আরও অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’, ‘মাইলস’, ‘শিরোনামহীন’, ‘আর্টসেল’, ‘মেকানিক্স’ এবং ‘ফিডব্যাক’।
আয়োজকদের তৈরি করা সূচি অনুযায়ী, শনিবার বিকেল ৩টায় সাধারণ দর্শকদের জন্য কনসার্ট ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে গান পরিবেশন শুরু হবে বিকেল ৪টায়। প্রায় সাত ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টটি সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ, এই সংগীত আসর উপভোগ করতে সংগীতপ্রেমীদের কোনো টিকিট কাটতে হবে না।
গত দুই বছরে দেশে উন্মুক্ত স্থানে বড় পরিসরে কনসার্ট আয়োজনের প্রবণতা অনেকটাই কমে এসেছিল, এমনকি নিরাপত্তাজনিত কারণে একাধিক সংগীতানুষ্ঠান বাতিলও করতে হয়। সেই প্রেক্ষাপটে মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই আয়োজন গানপাগল মানুষদের জন্য এক বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জেমস, ওয়ারফেজ, মাইলস ও আর্টসেলের মতো আইকনিক ব্যান্ডগুলোর উপস্থিতি বাড়তি উদ্দীপনা জোগাচ্ছে।
এ কনসার্ট নিয়ে ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, “একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের সুরে উদ্যাপিত হবে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।”
পড়ুন : তারকাখ্যাতির দম্ভে সাংবাদিককে হেনস্তা, পরীমণির খুঁটির জোর কোথায়: বিওজেএ
সা/


