আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে নির্ভর না করে এককভাবেই অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,ক্ষমতায় টিকে থাকতে হলে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে; জনগণের রায় উপেক্ষা করে গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলন কক্ষে এনসিপির জেলা শাখার আয়োজনে আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি জোরদার করছে এনসিপি। দলটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। নির্বাচনে কোনো ধরনের জোটে নির্ভর না করে এককভাবেই অংশ নেবে দলটি।
সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে, তবে এভাবে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগণের অধিকার ও গণরায়কে সম্মান জানানোর আহ্বান জানান তিনি।
এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব রাহাদ ইবনে শহীদের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ,সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন।
সভায় দলের সাংগঠনিক অগ্রগতির পর্যালোচনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পড়ুন : সবুজ সবজিতে ভরেছে মাঠ, উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক


