বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করে তাকে বিজয়ী করতে হবে। দলের মধ্যে সব ধরনের ভেদাভেদ ভুলে একক প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রম মূলত স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই স্থানীয় সরকার নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় তিনি দ্রুত সময়ের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডের কমিটি গঠন করে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম সরকার, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লা এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকারসহ স্থানীয় নেতারা।
সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট।
পড়ুন : দোহারে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্যামস-৯২


