দূরপাল্লার শটে গোল করার ক্ষেত্রে যেন থামতেই চাইছেন না রিয়াল মাদ্রিদের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। প্রতিপক্ষের গোলপোস্টের বাইরে থেকে একের পর এক দৃষ্টিনন্দন গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন এই তারকা ফুটবলার। এবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচেও বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেছেন তিনি। আর এতেই একুশ শতকে দূরপাল্লার শটে গোল করার দক্ষতায় বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় নিজের অবস্থান আরও সুসংহত করেছেন ভালভার্দে।
শনিবার (৭ নভেম্বর) রাতে লা লিগার ১২তম ম্যাচডেতে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায় মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। ম্যাচটিতে স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রাখে স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের হয়ে ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোলটি করেন ভালভার্দে। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী ও নিখুঁত শট ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। তার এই গোল আবারও প্রমাণ করেছে, দূরপাল্লার শটে গোল করার ক্ষেত্রে বর্তমান ফুটবলে অন্যতম সেরা অস্ত্র তিনি।
স্প্যানিশ পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, লা লিগায় এখন পর্যন্ত করা ২৬টি গোলের মধ্যে ১৬টিই বক্সের বাইরে থেকে করেছেন ভালভার্দে। অর্থাৎ লিগে তার মোট গোলের প্রায় ৬২ শতাংশ এসেছে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া শটে। একুশ শতকে লা লিগায় দূরপাল্লার শটে গোল করার অনুপাতে এটি পঞ্চম সেরা সাফল্য।
এই তালিকার শীর্ষে রয়েছেন আসুনসাও। তার করা ২৪টি গোলের মধ্যে ১৯টিই এসেছে বক্সের বাইরে থেকে। শতকরা হিসাবে যা ৭৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার রবার্তো কার্লোস। তার ২৭টি গোলের মধ্যে ১৯টি ছিল বক্সের বাইরে থেকে করা, যা মোট গোলের প্রায় ৭০ শতাংশ।
তালিকায় পরবর্তী অবস্থানে যৌথভাবে রয়েছেন জেনা ও টিকো। দুজনেরই মোট ২০টি গোলের মধ্যে ১৩টি করে এসেছে বক্সের বাইরে থেকে। তাদের সাফল্যের হার ৬৫ শতাংশ। এরপরই ৬২ শতাংশ গোলের অনুপাত নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের বর্তমান তারকা ফেদেরিকো ভালভার্দে।
শুধু গোলের অনুপাতেই নয়, সাম্প্রতিক বছরগুলোতে দূরপাল্লার শটে গোল করার সংখ্যাতেও নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। ২০১৭ সালের সেপ্টেম্বরে লা লিগায় অভিষেকের পর থেকে তার চেয়ে বেশি দূরপাল্লার গোল করেছেন মাত্র দুজন ফুটবলার। তালিকায় সবার ওপরে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বার্সেলোনার সাবেক এই অধিনায়ক লা লিগায় বক্সের বাইরে থেকে করেছেন ৩৪টি গোল। দ্বিতীয় অবস্থানে স্প্যানিশ ফরোয়ার্ড ইয়াগো আসপাস, যার গোলসংখ্যা ২০। এই দুই তারকার পরই রয়েছেন ভালভার্দে।
এদিকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে শুধু ভালভার্দেই নন, রিয়ালের অন্য আক্রমণভাগের খেলোয়াড়রাও ছিলেন দারুণ ছন্দে। ম্যাচের ২৮ মিনিটে ভালভার্দের গোলের মাত্র আট মিনিট পর, অর্থাৎ ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তুরস্কের তরুণ তারকা আর্দা গুলার। এরপর দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। তার গোলেই নিশ্চিত হয় রিয়ালের ৩-০ ব্যবধানের বড় জয়।
সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রিয়াল মাদ্রিদের টানা অষ্টম জয়। দলের এমন ধারাবাহিক পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ভালভার্দে। মাঝমাঠ সামলানোর পাশাপাশি আক্রমণে যোগ দিচ্ছেন নিয়মিত। তার শক্তিশালী শট, দূর থেকে গোল করার ক্ষমতা এবং মাঠজুড়ে পরিশ্রম করার মানসিকতা রিয়ালের জন্য বড় সম্পদ হয়ে উঠেছে।
তবে ম্যাচের শেষ দিকে উত্তেজনাও ছড়ায় মাঠে। ৭৯ মিনিটে এমবাপ্পেকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ভ্যালেন্সিয়ার অধিনায়ক হোসে গায়া। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় রিয়াল মাদ্রিদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্যক্তিগত অর্জনের দিক থেকেও স্মরণীয় হয়ে থাকল ভালভার্দের জন্য। দূরপাল্লার শটে গোল করার অসাধারণ দক্ষতায় তিনি যে বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার, পরিসংখ্যানই তার বড় প্রমাণ। লা লিগায় নিজের গোলসংখ্যা ও দূরপাল্লার শটের সাফল্য আরও বাড়াতে পারলে ভবিষ্যতে এই তালিকায় আরও ওপরে উঠে আসার সুযোগ রয়েছে উরুগুইয়ান তারকার সামনে।
পড়ুন:পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা
ইমি/


