চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

চাঁদপুর বড় স্টেশনে এক নারী যাত্রীর কাছ থেকে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ঘটনার সঙ্গে জড়িত তিন যুবক। পুলিশের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলো ওই নারী যাত্রীর কাছ থেকে ছিনতাই করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৫৬ মিনিটে চাঁদপুর রেলওয়ে থানাধীন বড় স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্মে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফরিদগঞ্জের বাসিন্দা ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-০১, তারিখ ৫ নভেম্বর ২০২৬। পেনাল কোডের ৩৯৪ ধারায় দায়ের করা মামলাটির তদন্তের পাশাপাশি ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখাকে ছায়া তদন্তের নির্দেশনা দেন চাঁদপুরের পুলিশ সুপার।

এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের সার্বিক নেতৃত্বে অভিযানে নামে ডিবির একটি চৌকস দল। এসআই জিয়াউল হক জিয়া, এএসআই জহির উদ্দিনসহ ডিবি পুলিশের সদস্যরা গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঘটনার মূল হোতা হিসেবে চিহ্নিত মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) এবং রাব্বি হোসেন (২৪) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা উভয়েই চাঁদপুর শহরের ৭ নম্বর পৌর ওয়ার্ডের বাসিন্দা।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মাইজকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামে অভিযান চালানো হয়। সেখানে আসামির বোনের শ্বশুরবাড়ি থেকে জাহিদ ওরফে গরু জাহিদ (২১) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পল্টুনের সুড়ঙ্গের ভেতর থেকে তাঁর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় ছিনতাই হওয়া স্বর্ণালংকার।

উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে সাতটি স্বর্ণের চেইন (প্রায় ৭ ভরি), পাঁচটি ফিঙ্গার রিং (প্রায় ৩ ভরি), চার জোড়া কানের দুল (প্রায় আড়াই ভরি), দুইটি হাতের রুলি (প্রায় ২ ভরি), একটি গলার হার (প্রায় আড়াই ভরি) এবং একটি হাতের ব্রেসলেট (প্রায় ১ ভরি)। সব মিলিয়ে প্রায় ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের এ অভিযানে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত তিনজনকেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক কোনো আসামি নেই বলেও উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ যাতায়াতকেন্দ্র বড় স্টেশনে সংঘটিত এ ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল উদ্ধারের ঘটনাকে পুলিশের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন