ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। রোববার সন্ধ্যায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৭ নভেম্বর ২০২৬, শনিবার কসবা আখাউড়া বিএনপি’র বিবাদমান দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার ও প্রদর্শিত হয়েছে। বিষয়টি সম্পর্কে জেলা বিএনপিও পূর্বাপর অবগত হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য, দলীয় শৃংখলার মারাত্মক পরিপন্থী যা দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে। তৎপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া (সদর-বিজয়নগর) ০৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি এবং সাধারণ সম্পাদক ও প্রশাসক, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ কর্তৃক আদিষ্ট হয়ে উপরোক্ত বিষয়ে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নিমিত্তে এক তদন্ত কমিটি গঠন করা গেল।
তদন্ত কমিটির সদস্যরা হলেন, জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, জসিম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম চপল, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম মোল্লা ও প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটিকে সরজমিনে সাক্ষ্যপ্রমাণ গ্রহণক্রমে প্রয়োজনীয় তদন্তপূর্বক আগামী সাত কার্য দিবসের মধ্যে সুপারিশ সম্বলিত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যে বলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৭ নভেম্বর বিকেলে জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য কবির আহমেদ ভূইয়ার পক্ষের নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি র্যালি বের করেন। অপরদিকে, বর্তমান বিএনপি দলীয় এমপি মুশফিকুর রহমানের গ্রুপের পক্ষেও উপজেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা কদমতলী এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় প্রকাশ্যে এক যুবককে রিভলবার প্রদর্শন করতে দেখা গেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে অন্তত ১০জন আহত হন। খবর পেয়েেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পড়ুন : সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: এমপি সরোয়ার আলমগীর


