সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (৮ নভেম্বর) গালফ নিউজ ও সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, এ পর্যন্ত দেশটিতে এই তিন ধরনের আইন ভঙ্গের মোট ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রদত্ত হিসাব অনুযায়ী, মোট আইন লঙ্ঘনের ঘটনার মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন সংক্রান্ত, ৩ হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন ভঙ্গের সঙ্গে সম্পৃক্ত।
সীমান্ত কর্তৃপক্ষের অভিযানে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জন এবং অবৈধ উপায়ে দেশত্যাগের চেষ্টার সময় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনকারী প্রবাসীদের কোনো প্রকার পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে আরও ২৯ জনকে আইনের আওতায় আনা হয়।
বর্তমানে দেশটির আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী, যার মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ট্রাভেল নথিপত্র সংগ্রহের লক্ষ্যে স্ব-স্ব দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত সৌদি আরব ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ইতোমধ্যেই ৯ হাজার ৫৮৯ জনকে নিজ দেশে পাঠিয়েছে দেশটির প্রশাসন।
এদিকে এক কঠোর বার্তায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাউকে অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন করা কিংবা আশ্রয় ও সেবা প্রদানের মতো অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত সম্পত্তিও সরাসরি বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
পড়ুন : রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
সা/


