বিগত সরকারের মেয়াদে হওয়া আর্থিক অনিয়মে সম্পৃক্ত ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। সরকারি অর্থের অপচয় এবং দুর্নীতির সাথে জড়িতদের ছাড় না দেওয়ার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি বর্তমান সরকারের আমলেও যেকোনো অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত অষ্টম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক ও মুস্তাফিজুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
কমিটি বন্দরসেবায় গতিশীলতা, স্বচ্ছতা ও সহজীকরণ নিশ্চিতে গুরুত্ব প্রদান করে আমদানি-রপ্তানির ক্ষেত্রে ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিং রুখতে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছে। একইসঙ্গে ই-বিলিং ও ই-পেমেন্ট কাঠামোর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক পরিশোধ এবং দ্রুততম সময়ে পণ্য খালাসের প্রক্রিয়া চালুর তাগিদ দেওয়া হয়।
সমস্যাগ্রস্ত বাণিজ্যিক ব্যাংক ও বেসরকারি বিভিন্ন ব্যাংকে বন্দর কর্তৃপক্ষের এফডিআর বিনিয়োগ, মেয়াদ শেষ হলেও অর্থ না তোলা এবং নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ বিনিয়োগে তীব্র অসন্তোষ জানায় কমিটি। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও আইনি পদক্ষেপ নিয়ে কমিটিকে জানাতে বলা হয় এবং বন্দর কর্তৃপক্ষের সমস্ত তহবিল পরবর্তীতে কেবল সরকারি ব্যাংকে জমা রাখার সুপারিশ করা হয়।
চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য যানবাহন ও কনটেইনারসংক্রান্ত জটিলতা আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছে কমিটি। এছাড়া ফাঁকা কনটেইনারের আড়ালে মালবাহী কনটেইনার বের করে নেওয়া কিংবা চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অগ্রগতি আগামী বৈঠকে পেশ করতে বলা হয়েছে।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের ২০২০-২০২১ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট ও অন নিষ্পন্ন অডিট আপত্তিগুলো পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে মোংলা, পায়রা ও চট্টগ্রাম বন্দরের ড্রেজিং, নাব্যতা রক্ষা ও টার্মিনাল নির্মাণ প্রকল্পের অর্থ ব্যবহারে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনিয়ম চিহ্নিতের নির্দেশ দেওয়া হয়।
এর পাশাপাশি, বন্দর কর্তৃপক্ষের তহবিল থেকে মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার কর্মীদের নিয়মবহির্ভূতভাবে বিশেষ উৎসাহ বোনাস দেওয়ার মাধ্যমে সরকারি অর্থ অপচয়ের তীব্র সমালোচনা করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
পড়ুন : আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
সা/


