রাজধানীর উত্তরখান থানা এলাকায় হয়রানি ও জমি দখলের উদ্দেশ্যে একটি সাজানো ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। জানা গেছে, মাজার তালতলা এলাকার বাসিন্দা হাসনা হেনা বাদী হয়ে উত্তরখান থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারে মো: মোশারফ হোসেন ফাহাদ, গাজী মাস্টার, ইব্রাহিমসহ বেশ কয়েকজনকে বিবাদী করে হামলা ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। তবে বিবাদীদের দাবি, ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট এবং প্রতিপক্ষকে ফাঁসানোর একটি গভীর ষড়যন্ত্র।
বিবাদীদের অভিযোগ, মূলত তাদের বৈধভাবে কেনা একটি সম্পত্তি বর্তমানে প্রভাবশালী বাদী হাসনা হেনার অবৈধ দখলে রয়েছে। জমির কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, উত্তরখান মৌজায় (জে এল নং ১৯) বিবাদী মো: মোশারফ হোসেন ফাহাদের নামে ০.০৪ একর (৪ শতাংশ) জমির বৈধ খতিয়ান (নং ২০২৬-১০০৯৫২) ও নামজারি রয়েছে, যা ঢাকা ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল থেকে অনুমোদিত। এছাড়া, ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলাতেও ফাহাদের নামে ৪ শতাংশ ভিটা জমির খাজনা ২০২৬-২০২৭ সাল পর্যন্ত পরিশোধের প্রমাণ রয়েছে। এই বৈধ সম্পত্তি উদ্ধারে বিবাদীরা যেন কোনো পদক্ষেপ নিতে না পারে, সেজন্য বাদী নিজের ঘর নিজেই ভাঙচুর করে বিবাদীদের বিরুদ্ধে এই মিথ্যা মামলাটি সাজিয়েছেন।
ঘটনার চাঞ্চল্যকর মোড় হিসেবে বিবাদীদের পক্ষ থেকে আরও একটি গুরুতর অভিযোগ করা হয়েছে। তারা জানান, বাদী হাসনা হেনা দখলকৃত ওই জমি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিবাদীদের কাছ থেকে নগদ ৩ লাখ টাকা গ্রহণ করেছেন। টাকা লেনদেনের সেই স্পষ্ট ভিডিও ফুটেজ ইতোমধ্যেই সাংবাদিকদের হাতে সরবরাহ করেছেন বিবাদীরা। তাদের দাবি, ৩ লাখ টাকা নেওয়ার পরও বাদী জমি তো ছাড়েনইনি, বরং এখন তিনি আরও বেশি টাকা দাবি করছেন। দাবিকৃত বাড়তি টাকা না পেয়েই তিনি নিজের ঘরে ভাঙচুরের নাটক সাজিয়ে এই হয়রানিমূলক মামলার পথ বেছে নিয়েছেন।
এদিকে, সরেজমিনে অনুসন্ধানে গেলে এলাকার সাধারণ মানুষ সাংবাদিকদের কাছে বাদীর বিষয়ে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন। স্থানীয়দের দাবি, এই মিথ্যা মামলার বাদী এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার অবৈধ মাদক ব্যবসা ও প্রভাবের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রভাবশালী হওয়ায় তিনি ইচ্ছেমতো অন্যের জমি দখল এবং নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।
ভুক্তভোগী বিবাদীরা জানান, তাদের ক্রয়কৃত ও বৈধ কাগজপত্র সম্পন্ন সম্পত্তি আত্মসাৎ করা এবং আরও চাঁদা আদায়ের হীন উদ্দেশ্যেই বাদী এই চক্রান্তের আশ্রয় নিয়েছেন। তারা অবিলম্বে উত্তরখান থানায় দায়ের করা এই উদ্দেশ্যপ্রণোদিত মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জমি দখল, চাঁদা দাবি এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে বাদীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিবাদীরা।
পড়ুন : সিআইডির প্রধান কার্যালয় ও পল্লবী থানা ফটকে ককটেল বিস্ফোরণ


