ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা কী বিচ্ছিন্ন নাকি পরিকল্পিত?

রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। পাশাপাশি বিভিন্ন বাসে আগুন দেওয়া হচ্ছে।

এসব ঘটনায় ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক ও নিয়মিত গণপরিবহন ব্যবহারকারীরা এখন বেশি চিন্তিত।

একসময় বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় দেশীয়ভাবে তৈরি বোমার ব্যাপক ব্যবহার ছিল, স্থানীয়ভাবে যা ‘ককটেল’ নামে পরিচিত। বিশেষ করে নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে রাজনৈতিক সংঘাতের মাঝে প্রায়ই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতো।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আবারও একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় সেই পুরনো রাজনৈতিক সহিংসতার চিত্র আবারও সামনে এসেছে।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে। তবে এই অভিযোগের পক্ষে কী ধরনের তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও এই অভিযোগকে অস্বীকার করেছেন।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?

রোববার, আটই নভেম্বর সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত ঢাকার প্রায় ১০টি উপজেলায় একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকাতেই ককটেল বিস্ফোরণ হয়েছে ছয়টি, মতান্তরে ৯টি। সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই ঘটনা শুরু হয়।

নীলক্ষেত মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণ, ইউল্যাব স্কুল, সেনেট ভবনের সামনে, আধুনিক ভাষা ইন্সটিটিউট, টিএসসি সংলগ্ন মেট্রো স্টেশনের সড়ক ও সুফিয়া কামাল হলের সামনে কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক ককটেল বিস্ফোরিত হতে থাকে বলে জানা গেছে।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই রাতেই তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ককটেল রাখা বা ছুঁড়ে মারার কাজে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে।

ওইদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছড়াও ভাটারা, পল্লবী থানার সামনে, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে, মিরপুর, ক্যান্টনমেন্ট রেলস্টেশন, তেজগাঁও, পান্থপথ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে একই ঘটনা ঘটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের পর সিআইডি হেডকোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, ওই ঘটনাতেও ব্যবহৃত হয়েছে মোটরসাইকেল। হামকারীরা মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে এটি নিক্ষেপ করে।

এরপর রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দু’জন মোটরসাইকেল আরোহী ফ্লাইওভারের উপর থেকে পল্লবী থানা প্রাঙ্গণেও ককটেল ছুঁড়ে মারেন। এই ঘটনায় একজন আহত হন।

এই ঘটনা যখন ঘটে, তখন মিরপুরের সনি সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরিত হয়।

অন্যদিকে, সন্ধ্যা ৬টার দিকে ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

ওই রাতে তেজগাঁও’র সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছে পুলিশ।

ডিএমপি উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, এই ধরনের ঘটনায় প্রতিদিনই কম-বেশি কেউ বা কেউ গ্রেফতার হচ্ছেন। বিশেষত, আটই নভেম্বরের ঘটনাগুলোতে ১৫ জনের বেশি মানুষকে হাতেনাতে ও সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয় সম্বন্ধে তিনি বলেন, “কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বা তার অঙ্গ সংঠনের সদস্যরা সম্পৃক্ত আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে কাউকে কাউকে, কাজটা করার জন্য।”

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলতে কারা? জানতে চাইলে তিনি সরাসরি বলেন, “আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন। তবে এটা প্রাথমিক পর্যায়ের ধারণা। বাকিটা তদন্তে বোঝা যাবে।”

এদিকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত পহেলা অক্টোবর থেকে আটই নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ককটেল বিস্ফোরণ ও পরিবহনে অগ্নিসংযোগের যে ৩১টি ঘটনা নথিভক্ত করা হয়েছে, এগুলোতে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন