ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে আজীবন সম্মাননায় ভূষিত করেছে সফেন (সোসাইটি ফর এনলাইটেন নেশন) ফ্যামিলি। সম্প্রতি রাজধানীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক এবি ক্রিকেট প্রতিযোগিতা ‘এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ ২০২৭’ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে বিশ্বের ৩০টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এই ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হবে। প্রবাসী বাংলাদেশিদের একত্র করা এবং এবি ক্রিকেটের মাধ্যমে তাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই প্রকল্পের অন্যতম প্রধান কারিগর হিসেবে কবীর আহমেদ ভূঁইয়া প্রবাসীদের এক ছাতার নিচে আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ করাই এখন সময়ের দাবি। প্রবাসে বসবাসরত প্রায় দুই কোটি বাংলাদেশির সঙ্গে দেশের মানুষের সরাসরি যোগসূত্র স্থাপন করা প্রয়োজন। বর্তমান সময় চ্যালেঞ্জিং হলেও সামনে আরও বড় সুযোগ অপেক্ষা করছে। তিনি আরও বলেন, ‘আমাদের তিন প্রজন্মকে সমন্বয় করতে হবে, যাতে জাতির জন্য আরও ভালো কিছু করা সম্ভব হয়। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এই এগিয়ে যাওয়ার পথে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের কলসান্টেন্ট ও কলামিস্ট বেলাল উদ্দিন সরকার তুহিন, অষ্টগ্রাম কিশোরগঞ্জ জেলার বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘বিবাহ’-এর মার্কেটিং ডিরেক্টর ড. আমিনুল ইসলাম এবং গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী জায়দুল কবির ভাঙ্গী।
পড়ুন : সিরাজগঞ্জে চালক হত্যা করে সিএনজি ছিনতাই, ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড


