ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’, দাবি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধকে ‘কার্যত শেষ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সংঘাতের অবসানের ইঙ্গিত দিলেও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হলে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে আকস্মিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। সংবাদমাধ্যম আল জাজিরা ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। তাঁর ভাষায়, ‘সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। আর প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই মূলত তা করছি।’

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। ফলে আপাতত বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তবে পরিস্থিতি বদলে গেলে যেকোনো সময় ব্যবস্থা নেয়ার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। বৈঠকে মূলত ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং ওয়াশিংটন-তেহরান আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেন। তিনি লেখেন, পুরো অঞ্চলের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেয়ার বিভিন্ন উপায় নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। একটি চুক্তিতে পৌঁছানো এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইরানের ওপর চাপ অব্যাহত রাখার অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি বজায় রাখার অর্থ হচ্ছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল রাখা। পাশাপাশি ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামের নতুন উদ্যোগও অব্যাহত থাকবে। এই উদ্যোগের মাধ্যমে স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্যিক কার্যক্রম সীমিত করার লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।

ট্রাম্পের দাবি, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তিনি বলেন, এসব দেশ যুক্তরাষ্ট্রকে আগের অবস্থান ধরে রাখার অনুরোধ জানিয়েছে। তাঁর ভাষায়, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমনকি বিশ্বের ইতিহাসেও সবচেয়ে বড় নৌ অবরোধ হতে পারে।

সংবাদ সম্মেলনে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, আপাতত নতুন করে সামরিক পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তা দেখছেন না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ট্রাম্পের মতে, ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ইরানের হুমকি থেকে আগের তুলনায় অনেক বেশি নিরাপদ। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সংঘাতের অবসান ঘটবে।

অন্যদিকে ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ইরানের কর্মকর্তারা। তাঁরা মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ শেষ হওয়ার দাবি এবং আলোচনার অগ্রগতির বক্তব্যকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। ওয়াশিংটন এখন মরিয়া অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কাল্পনিক আলোচনা নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানান।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান পরিস্থিতির অবসান চান। তিনি চলমান অবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেছেন। পেজেশকিয়ান আরও বলেন, ইরান আলোচনার পথ খোলা রাখতে আগ্রহী। তবে কোনো ধরনের চাপ, শক্তি প্রয়োগ কিংবা আধিপত্যের কাছে আত্মসমর্পণ করবে না তেহরান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘাতের প্রভাব পড়ে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক বাণিজ্যে। যুদ্ধ শুরুর পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ তেল, গ্যাস ও অন্যান্য পণ্য পরিবহন করা হয়। ফলে প্রণালিটি ঘিরে অস্থিরতা বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব ফেলে।

এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল মার্কিন সামরিক স্থাপনা। পরবর্তী সময়ে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হয়। ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের অভিযান এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবারের বৈঠকেও তিনি ইরানের পক্ষ থেকে দেয়া যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব তুলে ধরেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের কর্মকর্তারা যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত তুলে ধরেছেন। এসব শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড়, হরমুজ প্রণালিতে নতুন নৌপথের বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতা এবং লেবাননসহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। অন্যদিকে তেহরান দাবি করে আসছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক প্রয়োজনে পরিচালিত হচ্ছে।

সব মিলিয়ে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে সামরিক সংঘাত কমার সম্ভাবনা তৈরি হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। একদিকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রাখার পাশাপাশি সামরিক প্রস্তুতি ধরে রেখেছে, অন্যদিকে ইরানও নিজেদের অবস্থানে অনড় রয়েছে। ফলে কাতারের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক আলোচনা শেষ পর্যন্ত কোনো স্থায়ী সমঝোতা আনতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়।

পড়ুন:জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন