সরি না বললে কি মেরে ফেলারও হুমকি দেবেন : পরীমনি

গুলশানে একটি অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। শুধু অনুষ্ঠানস্থলেই নয়, মধ্যরাতে তাঁর গাড়িতেও হামলা হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় তাঁকে জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা, অপদস্থ করা, কাজে বাধা দেওয়া এবং বয়কটের প্রচারণা চালানোর অভিযোগ তোলেন পরীমনি। একই সঙ্গে সাংবাদিক পরিচয় ব্যবহার করে যারা এসব কর্মকাণ্ড করছেন, তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় পরীমনি বলেন, কোনো ব্যক্তি ভুল করলে তাঁকে ক্ষমা চাইতে বলা যেতে পারে। কিন্তু কাউকে ভয় দেখিয়ে, অপমান করে কিংবা শারীরিকভাবে হেনস্তা করে ক্ষমা চাওয়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, ক্ষমা চাওয়ার বিষয়টি ব্যক্তির উপলব্ধি ও নিজের ভুল স্বীকারের ওপর নির্ভর করে। জোরজবরদস্তি করে কারও কাছ থেকে ক্ষমা আদায় করার চেষ্টা করা উচিত নয়।

নিজের বক্তব্যে এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আচ্ছা, আপনি একজন মানুষকে দিয়ে সরি বলাবেন, কিংবা আশা করবেন, একজন মানুষ তার ভুলের জন্য আপনাকে সরি বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কীভাবে সরি বলাবেন? আপনি কি তাকে বলবেন, তুমি এই কাজগুলো ভুল করেছ, তাই তোমার সরি বলা উচিত? নাকি বলবেন, তুমি সরি বলো? আপনি আসলে কী করতে চান? একজন মানুষের গলা চেপে ধরে বলবেন, তোকে মেরে ফেলব, যতক্ষণ না পর্যন্ত তুই সরি বলবি? এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দেবেন?’

নিজের ভুল স্বীকারের বিষয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি জানান, কোনো বক্তব্য বা আচরণের কারণে ভুল হয়ে থাকলে সে জন্য ক্ষমা চাইতে তাঁর আপত্তি নেই। তবে সেই ক্ষমা চাওয়াকে কেন্দ্র করে তাঁকে অপমান করা কিংবা তাঁর ব্যক্তিগত মর্যাদায় আঘাত করার অধিকার কারও নেই।

পরীমনি বলেন, ‘আমি গালি দিয়েছি, সেটা ভুল হয়েছে। আচ্ছা, এ জন্য যদি আমি সরি বলি, তাহলে আমাকে এমন কথাও বলতে হবে যে, এটার জন্য তোমাকে অবশ্যই সরি বলতে হবে। তুমি গালিগালাজ করতে পারবে না। তুমি একজন মেয়ে মানুষ। তোমাকে এখানে ধরুক, সেখানে ধরুক, যা ইচ্ছা তাই করুক, তুমি জীবনেও এ নিয়ে কথা বলতে পারবে না। তোমাকে সরি বলতে হবে।’

অভিনেত্রীর দাবি, তাঁকে ঘিরে চলমান বিরোধের ক্ষেত্রে একপক্ষীয়ভাবে ক্ষমা চাওয়ার চাপ তৈরি করা হচ্ছে। অথচ তাঁর সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, তার জন্য কেউ ক্ষমা চাইছেন না। এ নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, তাঁকে অপদস্থ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা কি কখনো ক্ষমা চাইবেন? তাঁকে গালিগালাজ করার অধিকার তাঁদের কে দিয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

এ ছাড়া তাঁর পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন পরীমনি। তাঁর দাবি, বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে, যাতে তাঁকে কোনো কাজে নেওয়া না হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে বয়কট করার প্রচারণাও চালানো হচ্ছে।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমাকে যে অপদস্থ করলেন, সে জন্য কি সরি বলবেন? তাহলে আপনাদের ভাষার কী হবে? আমাকে গালি দিলেন কেন? এই রাইটসটা আসলে আপনাদের কে দিয়েছে? আপনারা আমার কাজগুলো নষ্ট করছেন, ব্র্যান্ড মালিকদের হুমকি দিচ্ছেন, তাকে কাজে নেওয়া যাবে না। তাহলে আপনারা সেখানে একধরনের মব তৈরি করছেন। পরীমনিকে বয়কট করা হবে এমন প্রচারণা চালাচ্ছেন।’

পরীমনির অভিযোগ, বয়কটের প্রচারণা চালিয়েও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এবার সরাসরি বিভিন্ন স্থানে গিয়ে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে। তাঁর দাবি, তিনি যেখানে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন, সেখানেই একটি পক্ষ গিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাঁকে পেশাগতভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন অভিনেত্রী।

এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের বয়কটে তো তারা আসলে মাথা ঘামাচ্ছেন না। বয়কট করলে এই জাতির যে কিছু হয় না, সেটা আপনারা বুঝে গেছেন। বয়কট শব্দটি ব্যবহার করে যে কিছু করতে পারছেন না, সেটা যখন বুঝতে পারলেন, তখন কী করলেন? রীতিমতো সশরীরে গিয়ে ভাঙচুর শুরু করলেন। অর্থাৎ, পরীমনি যেখানে যাবেন, আপনারা সেখানেই গিয়ে অরাজকতা শুরু করবেন। এটাই আপনাদের পরিকল্পনা।’

ভিডিও বার্তার শেষাংশে সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ড চালানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন পরীমনি। তাঁর অভিযোগ, কেউ কেউ নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে এমন আচরণ করছেন, যা কোনোভাবেই পেশাদার সাংবাদিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শুধু হাতে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ কিংবা নিবন্ধন থাকলেই প্রকৃত সাংবাদিক হওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।

পরীমনি বলেন, ‘তাহলে কালকে আপনারা এমন একটি পরিস্থিতি তৈরি করলেন কেন? কী ধরনের পরিকল্পনা আপনাদের মাথায় ঘুরছে? আপনারা কী ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন? কী অদ্ভুত ব্যাপার! সাংবাদিক পরিচয়ের একটা ট্যাগ লাগিয়ে, তারপর যা ইচ্ছা তাই শুরু করছেন। আপনারা রীতিমতো সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন। এটা তো আসলে সাংবাদিকতার কাজ নয়।’

সাংবাদিকতার পরিচয় ও পেশাগত দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘নিজেদের কেন সাংবাদিক বলে পরিচয় দিচ্ছেন? আপনারা কি বোঝেন, সাংবাদিকতা কী? হাতে একটা ফোন নিলাম, একটা পেজ খুললাম, একটা রেজিস্ট্রেশন করলাম আর সাংবাদিক হয়ে গেলাম? আরে ভাই, আপনারা কি বোঝেন সাংবাদিকতা কী? এসব করে আপনারা আমাকে সরি বলাবেন? সরি ধুয়ে পানি খা।’

সব মিলিয়ে গুলশানের অনুষ্ঠানে ঘটে যাওয়া পরিস্থিতি, গাড়িতে হামলার অভিযোগ এবং পেশাগত কাজে বাধা দেওয়ার দাবি নিয়ে বেশ ক্ষুব্ধ পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি। তবে তাঁর তোলা অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য জানা যায়নি। ফলে ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য সামনে আসার অপেক্ষা রয়েছে।

পড়ুন:‘আমাদের কেউ আলাদা করতে পারবে না’

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন