সাত ব্যাংকের লোকসান ১৫ হাজার কোটি টাকা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতিতে বড় ধরনের বৈপরীত্য দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে ২৪টি ব্যাংক মুনাফা করলেও লোকসান করেছে সাতটি। লোকসানে থাকা ব্যাংকগুলোর সম্মিলিত ক্ষতির পরিমাণ ১৫ হাজার ২৫১ কোটি টাকা। বিপরীতে মুনাফা করা ২৪ ব্যাংকের সম্মিলিত আয় ৯ হাজার ৪৫৩ কোটি টাকা। ফলে মুনাফার তুলনায় লোকসানের পরিমাণ ৫ হাজার ৭৯৮ কোটি টাকা বেশি। বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণ, আমানতকারীদের আস্থার সংকট এবং বেসরকারি খাতে বিনিয়োগ স্থবিরতার কারণে ব্যাংক খাতে এমন বৈপরীত্য তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংকগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, লোকসানের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এরপর রয়েছে ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। অন্যদিকে মুনাফার তালিকায় শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও প্রাইম ব্যাংক।

জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২০ টাকা ৪১ পয়সা। ব্যাংকটির মোট লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ২৮৬ কোটি টাকা। অথচ আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৬২ পয়সা।

ন্যাশনাল ব্যাংকের মোট লোকসান হয়েছে ৩ হাজার ১৭ কোটি টাকা। শেয়ারপ্রতি লোকসান ৯ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ৫০ পয়সা। এবি ব্যাংকের লোকসান হয়েছে ২ হাজার ৮১৮ কোটি টাকা এবং আইএফআইসি ব্যাংকের ২ হাজার ৫০৬ কোটি টাকা। এ ছাড়া রূপালী ব্যাংক ৯৯৬ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৫৫৮ কোটি এবং আইসিবি ইসলামী ব্যাংক ৭১ কোটি টাকা লোকসান করেছে।

অন্যদিকে মুনাফার তালিকায় শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংক জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ১ হাজার ৭৬৩ কোটি টাকা আয় করেছে। ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা ৭ টাকা ৭০ পয়সা। পূবালী ব্যাংকের মুনাফা ১ হাজার ৫৮৫ কোটি টাকা এবং শেয়ারপ্রতি আয় ১০ টাকা ১৫ পয়সা। সিটি ব্যাংক ৮৬৮ কোটি এবং প্রাইম ব্যাংক ৬৮৫ কোটি টাকা মুনাফা করেছে।

এ ছাড়া ইস্টার্ন ব্যাংক ৬৭৪ কোটি, ডাচ্-বাংলা ব্যাংক ৬২৪ কোটি, যমুনা ব্যাংক ৫০২ কোটি, ব্যাংক এশিয়া ৪৫১ কোটি, শাহজালাল ইসলামী ব্যাংক ৪৪৫ কোটি, উত্তরা ব্যাংক ৪৩১ কোটি এবং এনসিসি ব্যাংক ৩৪৮ কোটি টাকা মুনাফা করেছে।

তবে মুনাফা করলেও কয়েকটি ব্যাংকের আয় কমেছে। ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি আয় ১ টাকা ৩৩ পয়সা থেকে কমে ১ টাকা ১২ পয়সা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের আয় ১ টাকা ৮৭ পয়সা থেকে কমে ৪৩ পয়সায় নেমেছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারপ্রতি আয় ৩৪ পয়সা থেকে কমে মাত্র ৩ পয়সা হয়েছে।

ব্যাংকগুলোর আর্থিক অবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ সূচক হলো পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো। চলতি বছরের প্রথম নয় মাসে ২৩টি ব্যাংকের ক্যাশ ফ্লো ইতিবাচক থাকলেও আটটির ছিল নেতিবাচক।

এর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ঋণাত্মক ৩৬ টাকা ১২ পয়সা, ইউসিবির ২০ টাকা ৫৮ পয়সা, আইএফআইসি ব্যাংকের ৪ টাকা ৪৬ পয়সা এবং এবি ব্যাংকের ৬ টাকা ৯৪ পয়সা। বিপরীতে পূবালী, যমুনা ও সিটি ব্যাংকের শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ৭০ টাকার বেশি।

ব্যাংক খাতের এই বৈপরীত্যের পেছনে খেলাপি ঋণ এবং আমানতকারীদের আস্থার পার্থক্যকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী।

তিনি বলেন, যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার বেশি, সেগুলোর প্রতি মানুষের আস্থা কমেছে। ফলে আমানতকারীরা এসব ব্যাংক থেকে টাকা সরিয়ে তুলনামূলক ভালো ব্যাংকে জমা রাখছেন। এতে ভালো ব্যাংকগুলো নতুন আমানত পাচ্ছে, অন্যদিকে দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সংকট আরও বাড়ছে।

তাঁর মতে, বেসরকারি খাতে ঋণের চাহিদাও অনেক কমে গেছে। গত ৩৫ বছরের মধ্যে বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিনিয়োগের পরিবেশ দুর্বল থাকায় ব্যবসায়ীরা ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না। ফলে ব্যাংকগুলো সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে মুনাফা করছে।

ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অর্থনীতিবিদ মোহাম্মদ মুসলিম চৌধুরী মনে করেন, কয়েকটি ব্যাংক ভালো মুনাফা করলেও তা দিয়ে পুরো ব্যাংক খাতের প্রকৃত অবস্থা বিচার করা যাবে না।

তিনি বলেন, ব্যাংক খাত অর্থনীতির প্রাণপ্রবাহ। সঞ্চয় সংগ্রহ করে উৎপাদনশীল খাতে অর্থায়ন এবং বিনিয়োগ বাড়ানোই ব্যাংকের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমানে ভালো ব্যাংকগুলোর অনেকেই সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে আয় করছে। এতে ব্যাংকের মুনাফা হলেও বেসরকারি খাতে অর্থায়নের প্রত্যাশিত ভূমিকা বাধাগ্রস্ত হচ্ছে।

মুসলিম চৌধুরীর মতে, উৎপাদনশীল খাতে ঋণ না বাড়লে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে না, কর্মসংস্থানও বাধাগ্রস্ত হবে।

অন্যদিকে ফারুক আহমেদ সিদ্দিকী জানিয়েছেন, ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ অলস অর্থ পড়ে থাকলেও বিনিয়োগের পরিবেশ না থাকায় তা কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে নেমে আসা বিনিয়োগ স্থবিরতারই প্রতিফলন।

সব মিলিয়ে তালিকাভুক্ত ব্যাংকগুলোর আর্থিক ফলাফলে বড় মুনাফা ও বড় লোকসানের যে চিত্র উঠে এসেছে, তা পুরো ব্যাংক খাতের দুর্বলতা ও বৈষম্যকে সামনে এনেছে। বিশ্লেষকদের মতে, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো ছাড়া ব্যাংক খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

পড়ুন:এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন